সেরেনার দরকার বিশ্রাম
ইতালির রবার্তা ভিঞ্চির কাছে হেরেছেন ইউএস ওপেনের সেমিফাইনালে। ক্যালেন্ডার স্লাম হয়নি, গ্র্যান্ড স্লামের সংখ্যাও থমকে থাকল একুশেই। সেরেনা উইলিয়ামসের কোচ প্যাট্রিক মুরাতোগলু মনে করেন খেলার জন্য যথেষ্ট অনুপ্রাণিত বোধ না করলে কিছুদিন বিশ্রাম নিলেই ভালো করবেন ৩৪ বছর বয়সী তারকা। ইউএস ওপেনের সেমিফাইনালে পরাজয়ের পর আর কোনো ম্যাচ খেলেননি সেরেনা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া চায়না ওপেন ও আগামী মাসে সিঙ্গাপুরে ডব্লুটিএ ফাইনালে খেলার কথা রয়েছে তাঁর। নিজেকে উদ্বুদ্ধ করাটাই আসল, আর সেটি করতে না পারলে এ বছরে সেরেনার আর না খেলার পক্ষেই মত কোচের, ‘এ বছরও তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের পর প্রশ্নটা হলো এসব টুর্নামেন্টে খেলার জন্য সেরেনা কতটা অনুপ্রাণিত। যথেষ্ট প্রেরণা না থাকলে আমি মনে করি না এসব টুর্নামেন্টে ওর খেলা উচিত হবে।’ ইউএস ওপেন শেষ হয়েছে ১৮ দিন, এখনো প্রশ্নটা তাড়িয়ে বেড়ায় কেন দুর্দান্ত সেরেনাকে থেমে যেতে হলো সেমিফাইনালেই? কৌশলগত কোনো ভুল ছিল? কোচ মুরাতোগলু মনে করেন না ভুল ছিল। তবে তাঁকেও একটা বিষয় বেশ পোড়ায়—ওই দিন সেরেনার মানসিক অবস্থাটা ঠিক ছিল না। সেটি ঠিক রাখার দায়িত্ব তো তাঁর ওপর বর্তায়। মুরাতোগলু নির্দ্বিধায় মেনে নিলেন, ‘আমি ওই দিন সেটি করতে পারিনি।’ কদিন আগেই ৩৪ বছরে পা দেওয়া সেরেনার মধ্যে আর কতটা টেনিস আছে? ‘বয়স নিয়ে ভাবার সময় এখন নয়। ওর এখনো অনেক সময় আছে’—বলেছেন কোচ। এনডিটিভি স্পোর্টস।