সেরেনার পরামর্শ নেবেন ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, কোর্টে দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস মুখোমুখি হলে রোমাঞ্চিত হতো বিশ্ব টেনিস। সেরেনার একাধিপত্যে আগের সেই রোমাঞ্চ ক্ষয়ে এলেও দুই বোনের লড়াই এখনো দর্শকদের জন্য একটা আকর্ষণ। সেটি ফ্লাশিং মিডোতেও দেখা যেতে পারে টুর্নামেন্টের শেষ আটে। আর তা নির্ভর করছে ভেনাসের ওপর!
পরশু স্বদেশি ইরিনা ফ্যালকোনিকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস। এই রাউন্ডে জিতলেই ‘অল উইলিয়ামস’ কোয়ার্টার ফাইনালের আগে থাকবে এক ম্যাচ। ভেনাসের পরের প্রতিপক্ষ ১৮ বছরের বেলিন্ডা বেনচিচ। সুইস এই প্রতিযোগীর সঙ্গে আগের তিন লড়াইয়ের তিনটিতেই জিতেছেন। তবু প্রতিপক্ষকে নিয়ে ভাবতে হচ্ছে ৭টি গ্র্যান্ড স্লামের মালিককে। এই বেনচিচই যে গত মাসে রজার্স কাপের সেমিফাইনালে হারিয়ে দিয়েছিলেন ২১টি গ্র্যান্ড স্লামের মালিক, ফর্মে থাকা সেরেনাকে! বেনচিচের মুখোমুখি হওয়ার আগে তাই ছোট বোনের কাছ থেকে পরামর্শ নিতে চান ভেনাস, ‘প্রায় সময়ই আমরা একে অন্যকে পরামর্শ দিই। বিশেষ করে প্রতিপক্ষ কারও বিপক্ষে সম্প্রতি কেউ খেলে থাকলে। শুক্রবারের ম্যাচের জন্য সম্ভবত সে আমাকে কিছু পরামর্শ দিতে পারবে।’
ইউএস ওপেনে যেবার প্রথম খেলেন ভেনাস, সেই ১৯৯৭ সালে জন্ম বেনচিচের। দুজনের ম্যাচটি তাই মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের লড়াই। যেটি রোমাঞ্চ জাগাচ্ছে বেনচিচের মনে, ‘একটা আকর্ষণীয় ম্যাচ হতে পারে এটা। তিনি গ্রেট খেলোয়াড়। এত জোরে মারেন, যা আমার জন্য কঠিন হতে পারে।’
সেরেনার যাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন হলেও দ্বিতীয় রাউন্ডে অবাছাই ডাচ প্রতিযোগী কিকি বের্তেনসের বিপক্ষে ঠিক ছন্দে ছিলেন না। ৩৪টি আনফোর্সড এরর ও ১০টি ডাবল ফল্টের পরও অবশ্য সেরেনা জিতেছেন ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে। এএফপি।