সেরেনার ভুল
মুঠোফোনে একটা ভুল চাপ...ব্যস, তাতেই হলো! একটা ছবি ছড়িয়ে গেল স্ন্যাপচ্যাটে, তাতে পুরো বিশ্ব জেনে গেল, সেরেনা উইলিয়ামস মা হতে যাচ্ছেন। অন্তত যুক্তরাষ্ট্রের টেনিস তারকার দাবি তাই-ই। ব্যাপারটা আরও কিছুদিন চেপে রাখতে চেয়েছিলেন সেরেনা, কিন্তু পারলেন না ওই একটা ভুলে। ভুলে চাপ পড়েই নাকি ছবিটা স্ন্যাপচ্যাটে উঠে গেছে। ৩৫ বছর বয়সী মার্কিন টেনিস-কন্যাই জানালেন, ‘নিজের জন্যই ছবিগুলো তুলছিলাম। প্রতি সপ্তাহে ছবি তুলে দেখতাম, আমার অবস্থা কী! খুব ভালোভাবেই করছিলাম সেটা, কিন্তু এই একবারই উল্টাপাল্টা চাপ পড়ে গেল।’ ভুল হয়ে অবশ্য ভালোই হয়েছে। চারদিক থেকে শুভেচ্ছা আসছে। সঙ্গে আসছে একটা প্রশ্নও—আবার কবে কোর্টে ফিরবেন সেরেনা? ফিরবেন তিনি ২০১৮-তে। তবে সেটির উত্তর দিয়েছেন বেশ মজা করে, ‘অবশ্যই ফিরব। আমার সন্তান তখন গ্যালারিতে থাকবে, আমাকে অনুপ্রেরণা দেবে, আর আশা করি কাঁদবে না।’ রয়টার্স।