সেরেনার রেকর্ডের দিনে ফরাসি চমক
ইউএস ওপেন এমন দৃশ্য সর্বশেষ দেখে ১৯২৭ সালে। ওই আসরের পর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আর কখনো তিনজন ফরাসিকে দেখা যায়নি। আর ১৯৪৭ সালের ফ্রেঞ্চ ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামেরই কোয়ার্টার ফাইনালে তিনজন ফরাসিকে দেখা যায়নি। জো উইলফ্রায়েড সোঙ্গা, গায়েল মনফিলস ও লুকাস পুইয়ের সুবাদে ৬৯ বছরের দুঃখটা ঘুচল ফ্রান্সের।
সেমিফাইনালে পৌঁছাতে পৌঁছাতে ফরাসিদের সংখ্যা যে অন্তত দুই হচ্ছে, সেটি নিশ্চিত করে দিয়েছে ইউএস ওপেনের ড্র-ই। রাফায়েল নাদালকে হারিয়ে আসা পুই কোয়ার্টার ফাইনালে খেলবেন স্বদেশি মনফিলসের বিপক্ষে। সোঙ্গাকেও হয়তো ছিটকে পড়তে হবে সেমিফাইনালের আগেই। শেষ আটে তাঁকে যে খেলতে হবে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের সঙ্গে। শেষ আটের বাকি দুটি ম্যাচও সাজিয়েছে রোমাঞ্চকর লড়াই। অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের প্রতিপক্ষ কেই নিশিকোরি। অলিম্পিকে রুপাজয়ী মার্টিন দেল পোত্রোর মুখোমুখি স্তান ভাভরিঙ্কা।
চতুর্থ রাউন্ডে চমকই বলুন বা বিস্ময়—সবই উপহার দিয়েছেন মেয়েরা। চতুর্থ বাছাই আগ্নেয়াস্কা রাদভানস্কাকে পরশু ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ান কিশোরী আনা কন্যু। কোয়ার্টার ফাইনালে কন্যু খেলবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে। এই প্লিসকোভা হারিয়ে এসেছেন ভেনাস উইলিয়ামসকে।
এদিকে ইয়ারোস্লাভা সভেদোভাকে হারিয়ে বিশ্ব রেকর্ড করেছেন সেরেনা উইলিয়ামস। রজার ফেদেরারকে পেছনে ফেলে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি জয়ের (৩০৮টি) রেকর্ড এখন এই আমেরিকানেরই। রেকর্ডটি আরেকটু বড় করে নেওয়ার পথে সেরেনার সামনে বাধা পঞ্চম বাছাই সিমোনা হালেপ। দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কারবারের মুখোমুখি গতবারের রানারআপ রবার্তা ভিঞ্চি। এএফপি, রয়টার্স।