সেরেনার ১৮ নম্বর?

২০১৪ সালটি কেমন যাচ্ছে সেরেনা উইলিয়ামসের? প্রশ্নটা সরাসরি সেরেনাকে করলে হয়তো ‘খারাপ, খুব খারাপ’ জাতীয় উত্তর আসতে পারে। অতীতটা মনে করে হয়তো একটু লজ্জিতও বোধ করবেন!
২০১২ সালে দুটি গ্র্যান্ড স্লামের সঙ্গে অলিম্পিকের সোনা। ২০১৩ সালেও জিতেছেন দুটি গ্র্যান্ড স্লাম। এ বছরের শুরুতে তাই সেরেনা নিজেই নিজেকে বেঁধে দিয়েছিলেন সুউচ্চ এক লক্ষ্য। সগর্বে বলেছিলেন, ২০১৪ সালে জিততে চান চারটি গ্র্যান্ড স্লামই। কিন্তু চোট-অসুস্থতা মিলিয়ে বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামেই ব্যর্থ সেরেনা। চতুর্থ রাউন্ড পেরোতে পারেননি। তবে সেই হতাশা ভুলে সেরেনা এখন প্রস্তুত শেষটাকে ভালো করে সবকিছুতেই ‘ভালো’র অনুভূতি ছাড়িয়ে দিতে।
সোমবার থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের আগে সত্যিই সেরেনা আছেন ফুরফুরে মেজাজে। ইউএস ওপেনের প্রস্তুতিপর্বে তিনটি টুর্নামেন্টে অংশ নিয়ে দুটিতেই জিতেছেন শিরোপা। অন্যটিতেও উঠেছিলেন সেমিফাইনালে। সেরেনা-ভক্তরা তো বটেই; টেনিস বোদ্ধারাও মনে করছেন, ফ্লাশিং মিডোই সেরেনাকে দিচ্ছে ১৮ নম্বর গ্র্যান্ড স্লাম!
সেরেনাকে উজ্জীবিত করবে আরও একটা ব্যাপার। তাঁর সামনে ১৮টি করে গ্র্যান্ড স্লাম জেতা দুই কিংবদন্তি ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার পাশে নাম লেখানোর সুযোগ। সেটা হলে সেরেনা ছুঁয়ে ফেলবেন উন্মুক্ত যুগে ইউএস ওপেনে এভার্টের সর্বোচ্চ ছয় শিরোপা জয়ের রেকর্ডও।
র্যাঙ্কিং, ফর্ম, প্রস্তুতি, রেকর্ড—এমনকি ফ্লাশিং মিডোয় সাম্প্রতিক পারফরম্যান্সও সেরেনার হয়েই কথা বলছে। এখানে সর্বশেষ তিনবারই ফাইনালে উঠেছেন, শিরোপা জিতেছেন সর্বশেষ দুবারই। যদিও পরশু ড্র অনুষ্ঠানে সেরেনা বললেন, ‘যেভাবে আমার বছরটা যাচ্ছে, তাতে প্রতিটা ম্যাচ নিয়েই আমি উদ্বিগ্ন।’ তিনিই আবার বলছেন, ‘এ মুহূর্তে আমি খুব ভালো অবস্থায় আছি। আমি পয়েন্টের জন্য দীর্ঘ সময় ধরে খেলতে পারছি এবং আমি আবার তৈরি। আমি সত্যিই সতেজ বোধ করছি—৩২ বছর বয়সেও ২২ বছরের মতো মনে হচ্ছে, তাই না?’
সত্যিকারের ২২ বছর বয়সী, সিমোনা হালেপ সত্যিই হয়ে উঠতে পারেন শিরোপার পথের কাঁটা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা রোমানিয়ান তরুণী অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল এবং উইম্বলডনে উঠেছিলেন সেমিফাইনালে। এ ছাড়া শিরোপার পথে সেরেনার অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন মারিয়া শারাপোভা, পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কানাডার ইউজেনি বুচার্ডরা। আছেন তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামসও।
ফ্রেঞ্চ ওপেন জেতা শারাপোভার সামনে এই প্রথম এক বছরে দুটি গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। রুশ তারকা সুযোগটা কাজে লাগাতে প্রস্তুত। উইম্বলডনজয়ী কেভিতোভা সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেন জয়ী লি না চোটে ভুগছেন। গত দুই বছরই ফাইনালে সেরেনার কাছে হারা বেলারুশ মেয়ে আজারেঙ্কা লড়াই করছেন চোটের সঙ্গে।
এসব কি সেরেনার ১৮ নম্বরের ইঙ্গিতই দিচ্ছে? এএফপি।