
অসুস্থ সেরেনা, কিন্তু যন্ত্রণায় নীল হলেন শারাপোভা। শারাপোভা নীল হলেন হারের যন্ত্রণায় আর সেরেনা যন্ত্রণা ভুললেন গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে। কাল মেলবোর্নে ১৯তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে জয়, শারাপোভাকে টানা ১৬তম হার উপহার দিয়ে সর্বকালের সেরাদের তালিকায় নিজেকে আরও এক ধাপ ওপরে তুললেন সেরেনা।
শুধু শারাপোভাই নয়, সর্দি-কাশি-বমি এসব বাধার সঙ্গেও লড়াই করে কাল ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সেরেনা। শারীরিক সক্ষমতার অসাধারণ প্রদর্শনীতে শারাপোভাকে আরেকবার বাধ্য করেছেন হার মানতে। দ্বিতীয় সেটটা টাইব্রেকে জিতেই গ্র্যান্ড স্লাম একক জয়ে সেরেনা ছাড়িয়ে গেছেন মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টকে। ছুঁয়েছেন হেলেন উইলস মুডিকে। ৩৩ বছর বয়সী সেরেনার সামনে এখন শুধু ২২ বারের চ্যাম্পিয়ন স্টেফি গ্রাফ ও ২৪ বারের চ্যাম্পিয়ন মার্গারেট কোর্ট।

সেরেনা এখন পাখির চোখ করে ফেলেছেন স্টেফির ২২ শিরোপাকে। কাল ধরা গলাতেই বলে দিলেন পরবর্তী লক্ষ্যের কথা, ‘২২টি (গ্র্যান্ড স্লাম) পেতে ভালোই লাগবে। উনিশটা পেতেই খুব কষ্ট হলো। ৩৩ বছর লাগল এখানে পৌঁছাতে। তাই ওখানে (২২) পৌঁছাতে পারলে ভালোই লাগবে। তবে আগে তো ২০ নম্বরটা পেতে হবে, এরপর ২১।’
কাজটা যে সহজ হবে না সেরেনা জানিয়ে রাখলেন সেটাও, ‘দারুণ সব তরুণ খেলোয়াড় উঠে আসছে, কাজটা তাই খুব কঠিন হবে।’
শারাপোভার বিপক্ষে ১৯তম ম্যাচে ১৮তম এইস মেরে জয় নিশ্চিত করেছেন। তারপর পুরো কোর্টজুড়ে আনন্দে লাফিয়ে বেড়িয়েছেন শিশুর মতো। সেরেনা অস্ট্রেলিয়ান ওপেনে ছয়বার ফাইনাল খেললেন, ছয়বারই জয়। কিন্তু প্রথম সেটের মাঝামাঝি সময়ে বৃষ্টি বিরতির সময় কোর্টের বাইরে দৌড়ে গিয়ে বমি পর্যন্ত করতে হয়েছে তাঁকে। তখন কে ভেবেছিল এত সহজেই জিতে যাবেন বিশ্বের ১ নম্বর খেলোয়াড়!
প্রথম সেটে একরকম উড়ে গেলেও দ্বিতীয় সেটে দারুণ খেলে ঘুরে দাঁড়িয়েছিলেন শারাপোভা। কিন্তু সেরেনাকে হারাতে যথেষ্ট হলো না সেটাও। এএফপি, রয়টার্স।