সেরেনারও এখন ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁদের পাশে নাম লেখাতে পেরে খুশি সেরেনা উইলিয়ামস। খুশি মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টও। পরশু ফ্লাশিং মিডোতে এক ফ্রেমে ১৮টি করে গ্র্যান্ড স্লামজয়ী তাঁরা তিনজন l এএফপি
তাঁদের পাশে নাম লেখাতে পেরে খুশি সেরেনা উইলিয়ামস। খুশি মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টও। পরশু ফ্লাশিং মিডোতে এক ফ্রেমে ১৮টি করে গ্র্যান্ড স্লামজয়ী তাঁরা তিনজন l এএফপি

ক্রিস এভার্ট যখন ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম এককের শিরোপাটি জেতেন, তাঁর বয়স তখন মাত্র পাঁচ বছর! মার্টিনা নাভ্রাতিলেভার শেষ শিরোপা জেতার সময় নয়। নাভ্রাতিলোভার এককের খেলা টুকটাক দেখে থাকলেও এভার্টের এককের খেলা তাই সেভাবে দেখার কথা নয়। তবে সেরেনা উইলিয়ামস এটা বুঝতে পেরেছিলেন, এই দুজন নিজেদের যে উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন, সেখানে পৌছানো প্রায় অসম্ভব! কিন্তু পরশু ‘প্রায়’ এবং অসম্ভবের ‘অ’ অক্ষরটি নিজেই ছেটে ফেললেন। ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে ৬-৩, ৬-৩ গেমে ইউএস ওপেনের শিরোপা জিতে সেরেনা নাম লিখিয়েছেন সেই এভার্ট-নাভ্রাতিলোভার পাশে।
সমান ১৮টি করে গ্র্যান্ড স্লাম নিয়ে এভার্ট-নাভ্রাতিলোভা-সেরেনা এখন একই ফ্রেমে। সামনে এখন শুধুই তিনজন। হেলেন উইলস মুডি (১৯টি), স্টেফি গ্রাফ (২২টি) ও মার্গারেট কোর্ট (২৪টি)। সেরেনা কীর্তিটা গড়েছেন এভার্ট-নাভ্রাতিলোভার চোখের সামনেই। দুজনেই খেলা দেখেছেন আর্থার অ্যাশ টেনিস সেন্টারের গ্যালারিতে বসে। শুধু দেখেনইনি, ম্যাচ শেষে এভার্ট-নাভ্রাতিলোভা আধুনিক টেনিসের রাণীকে উপহার দিয়েছেন সোনার ব্রেসলেট। পরে কোর্টে দাঁড়িয়ে এক সঙ্গে ছবি তুলেছেন সেরেনাকে মাঝে রেখে।
সেরেনার কাছে ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপাটি আলাদা মাহাত্ম্য নিয়ে দেখা দিচ্ছে এ কারণেই, ‘এটি জিতে আমি ক্রিসি ও মার্টিনার সঙ্গে যোগ দিয়েছি। আমি, সেরেনা উইলিয়ামস কখনোই ভাবিনি এই দলে ঢুকে যাবে। কখনোই ভাবিনি এই কিংবদন্তি ও গ্রেটদের সঙ্গে আমার নামটাও বলা হবে।’ এভার্ট-নাভ্রাতিলোভার কাছ থেকে সোনার ব্রেসলেট উপহার নিতে গিয়ে মজাও করেছেন সেরেনা। হাসতে হাসতে বলেছেন, ‘আমি কে?’
শিরোপা সংখ্যা তো আছেই, সেরেনা উইলিয়ামস ভাগ বসিয়েছেন এভার্টের আরও দুটি রেকর্ডে। ইউএস ওপেনে এটি তাঁর টানা তৃতীয় শিরোপা, সব মিলে ষষ্ঠ। উন্মুক্ত যুগে যে কীর্তি ছিল শুধু এভার্টেরই। এএফপি, রয়টার্স।