সেরেনা-ওজনিয়াকি: পরম বন্ধু, চরম শত্রু!

প্রাণের বন্ধুর সঙ্গে লড়াই! খেলাধুলার জগতে ক্রীড়াবিদদের এ সমস্যায় প্রায়ই পড়তে হয়। ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে এ সমস্যায় পড়তে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি। ব্যাপারটা এমনই যে টেনিসপ্রেমীরা সংশয়ে এমন প্রগাঢ় বন্ধুতা যাঁদের, তাঁরা কীভাবে লড়বেন একে অন্যের বিপক্ষে!
সেরেনা-ওজনিয়াকির বন্ধুত্ব কেমন জানেন? অনেকটা গল্প-সিনেমার বন্ধুত্বের মতো। প্রয়োজনে দুজন দুজনার জন্য করতে পারেন যেকোনো ত্যাগ স্বীকার। তাই বলে ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে একজন অপরজনকে জেতানোর প্রাণপাত প্রয়াস নেবেন—এমন কিছু আবার কল্পনায় ভেবে বসবেন না যেন। বন্ধুত্ব যা-ই হোক না কেন আজ আর্থার অ্যাশ স্টেডিয়াম অসম্ভব উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করবে দুই বন্ধুর হৃদয়-স্পন্দন থমকে দেওয়া লড়াই। সেখানে বন্ধুত্বই হয়ে উঠবে নিতান্তই গৌণ বিষয়।
একজন মার্কিনি অপরজন ডেনিস। দুজনের ভাষা একদম আলাদা। কিন্তু কোনো কারণে দুজনের মধ্যে রয়েছে হৃদয়ের সম্পর্ক। ২০১১ সালে অসুস্থ সেরেনার পাশে সবকিছু নিয়ে দাঁড়িয়েছিলেন ওজনিয়াকি। তেমনি সম্প্রতি নিজের ভয়ংকর পারিবারিক দুঃসময়ে সেরেনাকে ছায়া হিসেবে পেয়েছেন তিনি। এই বন্ধুতা এমনই যেন গ্র্যান্ড স্লাম লড়াইয়ে এই দুয়ের জয়-পরাজয়ের পরিসংখ্যানে যে বিপুল ফারাক (সেরেনা জিতেছেন আটটি, ওজনিয়াকি একটি), গৌণ হয়ে পড়েছে সেটাও।
সবমিলিয়ে আজ সেরেনা-ওজনিয়াকি ইউএস ওপেন ফাইনাল রীতিমতো আবেগে থরোথরো। ম্যাচের আগে দুজনের কী কথা হবে কে জানে! কিন্তু সেরেনা যে এই ম্যাচে ওজনিয়াকিকে ‘কঠিন সময়’ উপহার দেবেন—সেটা তিনি সহজ কণ্ঠে জানিয়েও দিয়েছেন, ‘ওজনিয়াকি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু টেনিস কোর্টে এই বন্ধুত্ব আমি অবশ্যই ভুলে যাব। আজ ওর জন্য কোনো ছাড় নেই।’
সেরেনা কীভাবে পারবেন বন্ধুর প্রতি এতটা কঠোর হতে! বিষয়টা কোনো ব্যাপারই না সেরেনার জন্য, ‘আরে আমার বোন ভেনাসের সঙ্গে প্রচুর লড়েছি।’ ২৬টি লড়াইয়ে বুকে পাথর চেপে মায়ের পেটের বোনের সঙ্গে টেনিস লড়াইয়ে কোর্টে নেমেছেন। নিজের বেড়ে ওঠার পথে ‘গাইড অ্যান্ড গডমাদার’ বোন ভেনাসের সঙ্গে লড়তে যখন অসুবিধা হয়নি সেখানে ওজনিয়াকির সঙ্গে লড়াইটা কোনো সমস্যাই নয়। আরে এটা তো দিনশেষে খেলাই।
বন্ধুর সঙ্গে লড়াই হোক আর যা-ই হোক আজকের ম্যাচটা জিতে গেলে ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক হয়ে যাবেন সেরেনা। ক্রিস এভার্ট ও মার্টিনা নাদ্রাতিলোভার সঙ্গে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ী নারী টেনিস তারকাদের তালিকায় উঠে আসবেন চার নম্বরে। সামনে থাকবেন কেবল মার্গারেট কোর্ট (২৪), স্টেফি গ্রাফ (২২) আর হেলেন মুডি (১৯)।
সে তুলনায় ওজনিয়াকি একেবারেই নবিশ। আজ জিতলে তিনি প্রথমবারের মতো ছোঁবেন টেনিসের কোনো এলিট শিরোপা। পাঁচ বছর আগে এই আর্থার অ্যাশেই কিম ক্লাইস্টার্সের কাছে হেরে হয়েছিলেন দ্বিতীয়। ম্যাচের আগে ওজনিয়াকি কী সেরেনাকে এই নিয়ে কোনো আক্ষেপের কথা শোনাবেন সেরেনাকে?
মনে হয় না, বন্ধুত্বের মানে তো এই না নিজের আত্মাকে বিকিয়ে দেওয়া। আজ অমনই এক খেলার সাক্ষী হবেন দর্শকেরা, যে লড়াইয়ে হেরে গেলেও কারও মধ্যেই দুঃখের লেশমাত্র থাকবে না। যে-ই জিতুক, দিনের শেষে এই লড়াইয়ে শ্রেষ্ঠত্বের আসনে বসবে ওই বন্ধুতাই। সূত্র: এএফপি।