সেরেনা-ভেনাসের আর বনিবনা নেই!

সেরেনা ও ভেনাস উইলিয়ামসের মধ্যে কোনো সমস্যা আছে, এটা কখনোই শোনা যায়নি। বরং তাঁদের দুজনের সম্পর্কে একটা ‘সুখী সুখী’ ব্যাপার চোখে পড়ত সবার। ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্স নামের এক অভিজাত এলাকায় আট হাজার বর্গফুটের একটা অ্যাপার্টমেন্টে পরিবার-পরিজনের সঙ্গে টেনিসের এই তারকা-সহদোরা বাস করতেন বেশ সুখ-স্বাচ্ছন্দ্যের সঙ্গেই। কিন্তু সেই সুখে চিঁড় ধরেছে বলে খবর প্রকাশ করেছে এক মার্কিন ট্যাবলয়েড।
সেই মার্কিন ট্যাবলয়েডের দাবি, ভেনাস ও সেরেনার ব্যক্তিত্বের দ্বন্দ্ব নাকি এখন তুঙ্গে। সে কারণে দুই বোনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পত্রিকাটির সংবাদের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ দুই বোনের আলাদা দুটি ম্যানশন ক্রয়। ভেনাস আট লাখ ডলার দিয়ে কিনেছেন। তাঁকে ছাড়িয়ে যেতেই কি না, সেরেনা ম্যানশন কিনতে খরচ করেছেন ৪০ লাখ ডলার!
ব্যক্তিত্বের সংঘাত নিয়ে মার্কিন পত্রিকাটির সংবাদ অবশ্য ‘গুজব’ বলে উড়িয়েই দিয়েছেন দুই বোন। তবে একটি টেনিস ওয়েবসাইটকে সেরেনা বলেছেন, আমাদের দুই বোনের কেনা দুটো বাড়ি দেখলে অবশ্য দুজনের আলাদা ব্যক্তিত্ব খুব ভালোভাবেই বোঝা যাবে। ভেনাসের ব্যক্তিত্ব আমার চেয়ে সম্পূর্ণ আলাদা, ইদানীং সে আধুনিকতার দিকে ঝুঁকছে। নতুন বাড়ি কেনার ব্যাপারে আমার ভাবনা হচ্ছে, আমি সবকিছু নতুন করে শুরু করতে চাচ্ছি। আমার বাড়িতে একটি ছোট্ট সাজানো বাগান, একটি ট্রফি ও স্মারক রাখার জায়গা থাকবে—এই স্বপ্ন আমার অনেক দিনের। বাড়িতে কারাওকের জন্য আলাদা একটি ঘরও আমি সাজাব বলে সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র: টেনিসডটকম।