সোঙ্গার কাছে হারলেন ফেদেরার

দুই দিন আগেই ছিল রজার ফেদেরারের ৩৩তম জন্মদিন। হয়তো চেয়েছিলেন টরন্টো মাস্টার্সের শিরোপা জিতে জন্মদিনটা উদযাপন করতে। দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেও গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অন্তিম লড়াইয়ে অঘটনের শিকার হতে হলো ফেদেরারকে। ফাইনালে তাঁকে ৭-৫, ৭-৬ (৭/৩) গেমে হারিয়ে শিরোপা জিতে নিলেন ফরাসি তারকা জো-উইলফ্রেড সোঙ্গা।
সোঙ্গার কাছে ফেদেরারের হারটা অঘটন বলা যথার্থ হবে কি না, সেটা নিয়ে অবশ্য বিতর্ক উঠতেই পারে। টরন্টো মাস্টার্সে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন টেনিস র্যাঙ্কিংয়ের ১৫তম অবস্থানে থাকা এই খেলোয়াড়। ফাইনালে আসার পথে তিনি আগেই হারিয়েছিলেন শীর্ষ তারকা নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারেকে।
এটাই সোঙ্গার ক্যারিয়ারের দ্বিতীয় মাস্টার্স শিরোপা। এর আগেরটি তিনি জিতেছিলেন ছয় বছর আগে। ২০০৮ সালের প্যারিস মাস্টার্স।
দ্বিতীয় ফরাসি খেলোয়াড় হিসেবে দুটি মাস্টার্স শিরোপা জিতেছেন সোঙ্গা। এর আগে এই কীর্তি গড়েছিলেন গাই ফরগেট।— এএফপি