স্টেফিই প্রেরণা সেরেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেফির সঙ্গে সেরেনা l ফাইল ছবি
স্টেফির সঙ্গে সেরেনা l ফাইল ছবি

বয়স তাঁর কাছে স্রেফ একটা সংখ্যা। আসছে ২৬ সেপ্টেম্বর ৩৪ পূর্ণ হবে। এই বয়সেও টেনিস সার্কিটে র্যাকেট হাতে কী ‘চাঞ্চল্য’! গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সেরেনা উইলিয়ামস থাকা মানেই অন্য প্রতিযোগীদের টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা শুরুর আগেই ধূসর হয়ে যাওয়া!
একটু কি বেশিই বলা হলো? সময়ের বাস্তবতা কিন্তু এটাই। টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এবার ফ্ল্যাশিং মিডোয় জিতলে উঠে যাবেন অন্য উচ্চতায়। স্টেফি গ্রাফের গড়া উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি (২২টি) গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। মরিন কনোলি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০), স্টেফির (১৯৮৮) পর চতুর্থ নারী হিসেবে বছরের চারটি গ্র্যান্ড স্লাম তথা ‘ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম’ জয়ের কীর্তি গড়বেন।
বয়সটা যে তাঁর কাছে স্রেফ একটা সংখ্যা, সেটি বলছে পরিসংখ্যানও। পেশাদার ক্যারিয়ারের প্রথম ১৬ বছরে যেখানে তাঁর গ্র্যান্ড স্লাম ১৩টি, সেখানে গত সাড়ে তিন বছরেই গ্র্যান্ড স্লাম জিতেছেন ৮টি!
এই বয়সেও এমন ভালো খেলার রহস্য কী? কোর্টে মনের জোর পান কোথা থেকে? দুটি মাইলফলক নিয়ে হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি স্টেফি গ্রাফের কথাই বললেন সেরেনা। এখনো কোর্টে তাঁর যে একাগ্রতা ও মানসিক শৃঙ্খলা, তা ছেলেবেলায় জার্মান টেনিস কিংবদন্তির খেলা দেখেই শেখা। স্টেফির সঙ্গে মনিকা সেলেসকেও জুড়ে দিয়ে সেরেনা বলছেন, ‘আমার মনে হয় কারণটা সম্ভবত এটাই, আমি অনেক খেলা দেখেছি, স্টেফি গ্রাফ ও মনিকা সেলেসের টেনিস উপভোগ করেছি। সময়টা তো তখন তাঁদেরই ছিল। তাঁরা মানসিকভাবে এতটাই শক্তিশালী ছিলেন...তাদের খেলা দেখে এতটাই প্রভাবিত হয়েছিলাম যে একদিন তাঁদের জায়গায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করি।’
সেই স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে সেরেনা। প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন পরশু। ফ্ল্যাশিং মিডোয় আর ছয়টি ম্যাচ জিতলেই...।
ম্যাচ? সেরেনার কোচ প্যাট্রিক মুরাতোগলু তো ২২, ২৩ করে হিসাব কষে চলেছেন ছাত্রীর গ্র্যান্ড স্লামের! ২০১১ সালে গ্র্যান্ড স্লামশূন্য একটা মৌসুম কাটানোর পর ২০১২ সালের জুনে যাঁকে কোচ নিয়োগ দিয়ে সেরেনার পুনর্জন্মের শুরু, সেই মুরাতোগলু সোজাসাপ্টাই বলে দিলেন যে শুধু ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম নয়, সেরেনার লক্ষ্য আরও বড়, ‘অবশ্যই স্টেফির রেকর্ড ভাঙাটাই বড় লক্ষ্য। সেটি যদি এখানে না-ও হয়, পরের বছর হবে অস্ট্রেলিয়ান ওপেন কিংবা রোঁলা গাঁরোয়। এটা করার জন্য অনেক সুযোগ সেরেনার সামনে।’
তারপর সেরেনার তো শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা! তথ্যসূত্র: এএফপি।