স্টেফিকে ছুঁয়ে ফেলার দিন সেরেনার?

এমন একটা শিরোনাম এ বছরই লেখা হয়েছে দু–দুবার। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের আগেও সেরেনা উইলিয়ামসকে নিয়ে বাতাসে উড়ে বেড়াচ্ছিল এ কথা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে দোষ দেওয়া যাচ্ছে না। দুটি ফাইনালেই নিরঙ্কুশ ফেবারিট ছিলেন মার্কিন টেনিস তারকা। কিন্তু কোর্টের লড়াই উল্টে দিয়েছিল সব হিসাব-নিকাশ। দুবারই হতাশা নিয়ে ফিরেছেন সেরেনা।
স্টেফি গ্রাফকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়াটা সময়ের ব্যাপার—আসছে সেপ্টেম্বরে পঁয়ত্রিশে পা রাখতে যাওয়া সেরেনাকে নিয়ে যাঁরা এমনটা ভেবেছিলেন, দুবারই হতাশ হতে হয়েছে তাঁদের। গ্র্যান্ড স্লামে শেষ ট্রফিটা ঘরে তোলা হয়ে গেছে তাঁর—আড়ালে–আবডালে এমনটাও বলতে শুরু করেছিলেন কেউ কেউ। র্যাঙ্কিং সেরা, শীর্ষ বাছাই, ২১টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনাকে হারিয়ে দুবারই প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ নেন দুই প্রতিপক্ষ—অস্ট্রেলিয়ান ওপেনে জার্মানির অ্যাঞ্জেলিক কারবার, ফ্রেঞ্চ ওপেনে স্পেনের গারবিনিয়ে মুগুরুজা। সেই সেরেনা আজ আরও একটি ফাইনালের সামনে। স্টেফিকে (২২টি গ্র্যান্ড স্লাম) ছুঁয়ে ফেলার খুব কাছাকাছি। এবারও কি হতাশ করবেন সেরেনা?
না—সেরেনা যা বলছেন, তার উত্তর এক কথায় হতে পারে এটাই।
ফাইনালে তাঁর প্রতিপক্ষ সেই অ্যাঞ্জেলিক কারবার। অস্ট্রেলিয়ান ওপেনে ২ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে যিনি ৬-৪, ৩-৬, ৬-৪ সেটে সেরেনাকে হারিয়ে জিতেছিলেন প্রথম গ্র্যান্ড স্লাম। সেই হারের দুঃস্মৃতি ভুলে যাননি সেরেনা, ‘অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে সে আমাকে অস্ট্রেলিয়ায় হারিয়েছিল এবং সেটাই ছিল আমাদের সর্বশেষ সাক্ষাৎ। কোর্টে সেদিন আমি অনেক ভুল করেছিলাম। আর ওর কোনো ভুল ছিল না বললেই চলে। সে অসাধারণ খেলেছিল। সেখান থেকেই আমি শিখেছি, ফাইনালে আমাকেও নিখুঁত হতে হবে। বুঝেছি, উন্নতির অনেক জায়গা আছে আমার।’
সেই শিক্ষার সঙ্গে যদি যোগ হয় স্টেফিকে ছুঁয়ে ফেলার আকাঙ্ক্ষাও, তাহলে তো উইম্বলডনেই ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা হয়ে যাচ্ছে তাঁর! অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের সঙ্গে একটা সখ্যও আছে সেরেনার। এখানে এর আগে ৮টি ফাইনাল খেলেছেন। শিরোপা জিতেছেন ছয়টি।
সবদিক থেকে সেরেনা এগিয়ে থাকলেও কারবারের কথাও বলতে হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রাক–ফাইনাল এগিয়ে থেকেও জিততে পারেননি সেরেনা। ‘হারানোর কিছু নেই’ মন্ত্রে উজ্জীবিত কারবার জিতে গিয়েছিলেন। আর এবার? কারবার বলছেন, ‘টুর্নামেন্ট শুরুর সময়ের চেয়ে এখন আমি আরও নির্ভার। আমি জানি, নিজের টেনিসের ওপর আস্থা আমার আছে।’ এএফপি, রয়টার্স।