স্টেফিকে ছোঁয়ার দিন সেরেনার!
ডব্লুটিএ সার্কিটে অ্যাঞ্জেলিক কারবারের শিরোপা ৭টি। আর সেরেনা উইলিয়ামস শুধু অস্ট্রেলিয়ান ওপেনই জিতেছেন ৬ বার! এ থেকেই বোঝা যায়, মেলবোর্ন পার্কে আজ মহিলা একের ফাইনালে জার্মান কারবারের বিপক্ষে কতটা ফেবারিট সেরেনা।
অভাবনীয় কিছু না ঘটলে তাই ধরেই নেওয়া যায়, উন্মুক্ত যুগের মহিলা টেনিসে সবচেয়ে বেশি, স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়েই ফেলছেন আজ মার্কিন চ্যাম্পিয়ন। ৩৪ বছর বয়সী সেরেনা নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাসীও। গত বছরটা গেছে দুর্দান্ত। ইউএস ওপেন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ড স্লামই জিতেছেন। ৫৬ ম্যাচের মাত্র তিনটিতেই হেরেছেন। তবু ‘নবিশ’ কারবারের বিপক্ষে আরেকটি ফাইনালের আগে সেরেনা বলছেন, গত বছরের চেয়েও এবার ভালো টেনিস খেলছেন, ‘গত এক বছরে আমি অনেক জিতেছি। কিন্তু এই টুর্নামেন্টেই সম্ভবত সবচেয়ে বেশি ভালো খেলছি আমি।’
ভালো যে খেলছেন, সেটি মারিয়া শারাপোভা ও আগ্নিয়েস্কা রাদভানস্কার চেয়ে আর কে ভালো বলতে পারেন! কোয়ার্টার ফাইনালে সেরেনার কাছে হারের পর শারাপোভা প্রকাশ্যেই বলেছেন, গবেষণা করে বের করতে হবে, এই সেরেনাকে আটকাতে হলে কী কী করতে হবে।
সেমিফাইনালে তো প্রতিপক্ষ রাদভানস্কা মন্ত্রমুগ্ধ হয়ে খেলা দেখেছেন সেরেনার। তাঁকে কোনো সুযোগ না দিয়েই প্রথম সেট সেরেনা জিতেছেন ৬-০ গেমে। যেখানে ছিল ১৪টি এইস আর মাত্র ৪টি আনফোর্সড এরর। এই ‘নিখুঁত’ সেরেনা সম্পর্কে ম্যাচ শেষে একটা কথাই বললেন রাদভানস্কা, ‘আমি একরকম দাঁড়িয়ে তাঁর খেলাই দেখেছি।’
আজ কী তেমনই ‘দর্শক’ হবেন কারবার? ফলাফলটা সময়ের হাতেই, তবে ফাইনালের আগে নিজেকে নিয়ে, নিজের খেলা নিয়ে প্রত্যয়ী সেরেনা, ‘যদি আবারও নাও জিততে পারি, আমি যে সত্যিই ধারাবাহিক খেলছি, সে বিশ্বাস নিয়ে যেতে পারব আমি এবং এই ধারাবাহিকতাটা আমি ধরে রাখতে চাই।’
গ্র্যান্ড স্লামে সেরেনার এটি ২৬তম ফাইনাল। করবারের প্রথম। সেরেনার মতো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে এই একটা মন্ত্রেই উজ্জীবিত হতে পারেন কারবার—হারানোর কিছু নেই। স্বদেশি স্টেফি গ্রাফকে আদর্শ মেনে বড় হয়ে ওঠা কারবার সে মন্ত্রই জপছেন, ‘আমার হারানোর কিছু নেই। খেলতে নেমে চাপমুক্ত হয়ে নিজের খেলাটাই খেলার চেষ্টা করব।’ আসল চাপটা সেরেনার ওপরই থাকবে বলে মনে করেন ২৮ বছর বয়সী খেলোয়াড়, ‘অনেককেই জিজ্ঞাসা করলে বেশির ভাগ মানুষই বলবেন, সেরেনাই জিতবেন। এই চ্যালেঞ্জটাই আমি নিতে চাই। আমি খেলব। আমার হারানোর কিছু নেই। তাঁর ওপর যে চাপ, সেটা আমার ওপর নেই।’
তাহলে আজ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা সেরেনার ২২তম না চাপমুক্ত কারবারের প্রথম? এএফপি, টেনিসডটকম।
