স্টেফির দেশের সেই মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে উঠেই বলেছিলেন, ‘আশা করছি এবার স্টেফি গ্রাফের কাছ থেকে একটা খুদে বার্তা পাব। সেরেনাকে হারাতে কী করতে হবে, সেটি লেখা থাকবে।’
স্টেফি গ্রাফের কাছ থেকে খুদে বার্তা পেয়েছিলেন কি না, সেটা কাল বলেননি অ্যাঞ্জেলিক কারবার। তবে খুদে বার্তা আগে না পাঠালেও ফাইনালের পরে নিশ্চয়ই কারবারকে একটা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন স্টেফি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনাকে হারিয়ে দিয়ে কারবার তো শুধু নিজের প্রথম গ্র্যান্ড স্লামই জিতলেন না, উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২২টি) জেতা স্টেফির রেকর্ডেও আপাতত কাউকে ভাগ বসাতে দিলেন না। সেই কারবার, যাঁকে একসময় নিজের হাতে টেনিসের পাঠ দিয়েছিলেন স্টেফি। সেরেনাকে রুখে দিয়ে এত দিন পর কারবার কি ‘গুরুদক্ষিণা’ দিলেন?
১৯৮৮ সালে পোলিশ বাবা আর জার্মান মায়ের ঘরে জন্ম নেওয়া মেয়েটির টেনিসে হাতেখড়ি তিন বছর বয়সেই! মেয়েদের টেনিসে তখনো স্টেফি-রাজ চলছে। জার্মান বলে স্বাভাবিকভাবেই কারবার স্বদেশি স্টেফিকে আদর্শ মেনেই বড় হতে থাকেন। ১৫ বছর বয়সে পেশাদার টেনিসে পা রাখা জার্মান ওপেন দিয়ে। ওই টুর্নামেন্টেই মারিওন বারতোলিকে হারিয়ে প্রথম টেনিস বিশ্বের চোখে পড়েন কারবার।
তবে ‘সাড়া ফেলে দেওয়া’ যাকে বলে, সেই সময়টা আসে আরও অনেক পরে, ২০১১ ইউএস ওপেনে। দ্বিতীয় রাউন্ডে আগ্নিয়েস্কা রাদভানস্কা ও কোয়ার্টার ফাইনালে ফ্লাভিয়া পেনেত্তাকে হারিয়ে শেষ চারে উঠে টেনিস-বিশ্বকে নাড়িয়ে দেন—কে এই মেয়েটি? শেষ পর্যন্ত অবশ্য সেমিফাইনালেই থেমে গিয়েছিল কারবারের ২০১১ ইউএস ওপেনের যাত্রা, হেরে গিয়েছিলেন সামান্থা স্টোসুরের কাছে। তবে ওই টুর্নামেন্টটাই জার্মান টেনিসের আগামীর তারকা বানিয়ে দিয়েছিল তাঁকে। জানা গেল, র্যাকেট হাতে যতটা দক্ষ কারবার, ততটাই পাকা বাইক চালানোতেও। টেনিস কোর্টে মুখচোরা এই মেয়েটিই দারুণ প্রাণোচ্ছল বন্ধুদের আড্ডায়, শখের স্কুবা ডাইভার!
২০১২ সালে উইম্বলডনের সেমিফাইনালে আবার দেখা গেল অ্যাঞ্জেলিক কারবারকে। এবার হেরে গেলেন রাদভানস্কার কাছে। তবে ওই বছরই প্যারিস ও কোপেনহেগেনে দুটি ওপেন জিতে উঠলেন মেয়েদের র্যাঙ্কিংয়ের ৫-এ। ডব্লুটিএ টুর্নামেন্টগুলোতে এরপর থেকে অল্প-বিস্তর সাফল্য পেয়ে আসছিলেন। ২০১৪ সালে জার্মানির হয়ে খেলেছেন ফেড কাপের ফাইনালেও।
স্বপ্নের নায়িকা স্টেফির সঙ্গে সাক্ষাতের সুযোগটা এসেছিল গত বছর। ইউএস ওপেনের আগে লাস ভেগাসে স্টেফির বাড়িতেও গিয়েছিলেন। সেখানে বেশ কয়েক দিন স্টেফির কাছে অনুশীলনের সুযোগ হয়েছে। যাঁকে আদর্শ মেনে বড় হয়েছেন, তাঁর কাছ থেকেই জেনে এসেছেন সাফল্যের মন্ত্র।
এর ফলও কিছুটা মেলে। ২০১৫ সালে জিতেছেন চার্লসটন, স্টুর্টগার্ট, বার্মিংহাম ও স্ট্যানফোর্ড ওপেন। তবে গ্র্যান্ড স্লাম তাঁর আক্ষেপের নাম হয়ে থাকল এরপরেও। ২০১৪ উইম্বলডন থেকে বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে থেকে। গত বছর ফ্রেঞ্চ, উইম্বলডন আর ইউএস তিনটি গ্র্যান্ড স্লাম অভিযানই শেষ হয় তৃতীয় রাউন্ডে। অস্ট্রেলিয়ান ওপেন থেকে তো বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ডেই।
কারবারের সব আক্ষেপ ঘুচিয়ে দিল এবারের অস্ট্রেলিয়ান ওপেন। চতুর্থ রাউন্ড পেরোনোর পর কোয়ার্টার ফাইনালে কারবারের সামনে দাঁড়াতেই পারেননি ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেমিফাইনালে জোহানা কন্টার হারও সরাসরি সেটে। স্বপ্নের মতো দুটি সপ্তাহ কাটিয়ে কারবার উঠে এলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে। আর মেলবোর্নের রড লেভার অ্যারেনায় তো কাল লিখলেন নতুন ইতিহাসই। তথ্যসূত্র: ডব্লুটিএ ওয়েবসাইট।

২২
শিরোপা জিতলে স্টেফি গ্রাফের সমান ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা হতো সেরেনার। সেটি হলো না স্টেফির পর প্রথম জার্মান হিসেবে কারবার ফাইনালে জেতায়। স্টেফি কত বছর আগে জিতেছিলেন? ঠিক ২২ বছর। ঘটনাচক্র!
৭
অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম বাছাই হিসেবে এসে শিরোপা জিতে নিলেন কারবার। সপ্তম বাছাই হিসেবে এসে শিরোপাজয়ী সর্বশেষ খেলোয়াড় হলেন এবারের ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস!