স্টেফির পাশে বসলেন সেরেনা

গত বছরের ইউএস ওপেন থেকে শুরু অপেক্ষার। এর পর এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনেও গেরোটা খুলল না। দুবারই ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে সেরেনা উইলিয়ামসকে, স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিটাকে তাই ছোঁয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত অল ইংল্যান্ড ক্লাবে এসেই অপেক্ষাটা ফুরোল সেরেনার, অ্যাঞ্জেলিক কারবারকে ৭-৫,৬-৩ গেমে হারিয়ে কাল নিজের সপ্তম উইম্বলডন শিরোপা জিতলেন যুক্তরাষ্ট্রের তারকা।
কারবারের সঙ্গে একটা হিসেব চুকানোর ছিল সেরেনার। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কারবারের কাছে হেরেই ট্রফি হাতে নিতে পারেননি। এবারও প্রথম সেটে মনে হচ্ছিল, সেরকম কিছু হতেও পারে। দুজনের কেউই ছেড়ে কথা বলছিলেন না, কেউই কারো সার্ভিস ভাঙতে করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ৬-৫ গেমে এগিয়ে থাকার সময় প্রথম ‘ব্রেক’ করতে পারলেন সেরেনা, প্রথম সেট জিতলেন ৭-৫ গেমে।
পরের সেটেও লড়াইটা সমানে সমান হওয়ার ইঙ্গিত ছিল। ৩-৩ গেমে সমতায় থাকার সময়ই সেরেনা যেন ঠিক করলেন, নিজের সেরাটা দেখাবেন। পরের তিন গেমে কারবার অসহায় আত্মসমর্পণই করলেন। শেষ পর্যন্ত সরাসরি সেটে জিতেই সেরেনা বসলেন স্টেফির পাশে।