স্বপ্ন চোখে নাদালের সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরনা কোরিচ
বরনা কোরিচ

উল্কি এঁকে শরীর রাঙানো ছেলের খুব পছন্দ। তাতে আবার মায়ের ভীষণ আপত্তি। ক্রোয়েশিয়ার ১৮ বছর বয়সী টেনিস খেলোয়াড় বরনা কোরিচ যখন ডান বাহুতে উল্কি করাবেন বলে ঠিক করলেন, ‘আস্ত বোকা’ বলে মা দিলেন বকুনি। আজ ইউএস ওপেনের প্রথম দিনেই রাফায়েল নাদালকে আবার হারাতে পারলে মা হয়তো তাঁর ‘অসাধারণ’ ছেলেকে বুকে জড়িয়ে নেবেন। হাসিমুখে মেনে নেবেন ছেলের বাহুতে আঁকা শব্দগুচ্ছ, ‘সাধারণ হওয়ার চেয়ে খারাপ আর কিছু নেই জীবনে।’
২০১৪ সালের অক্টোবরে ১৭ বছরের কোরিচ রীতিমতো চমকে দিয়েছিলেন ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে। সুইজারল্যান্ডের বাসেলে সুইস ইনডোর টেনিসে র্যা ঙ্কিংয়ের তিনে থাকা নাদালকে হারিয়ে দেন ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। মৌসুমের শেষ ম্যাচে সাবেক অনুশীলন-সঙ্গীর কাছে পরাজয়ের তেতো অভিজ্ঞতা নিয়েই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের জন্য শল্যবিদের ছুরির নিচে যেতে হয় নাদালকে। জয়টা যে অঘটন ছিল না তা প্রমাণ করতে বেশি সময় নেননি এই ক্রোট তরুণ। এ বছরের ফেব্রুয়ারিতে দুবাই ডিউটিফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে হারিয়ে দেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। জয়যাত্রা থেমে যায় সেমিফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে। কোরিচের আগমনবার্তা পেয়েছিলেন এখনকার র্যা ঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচও। গত শীতেই তাই কোরিচকে অনুশীলনে ডেকে নেন এই সার্বিয়ান তারকা।
বর্তমান র্যা ঙ্কিং ৩৫। টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরোর ভবিষ্যদ্বাণী, আগামী তিন বছরের মধ্যেই র্যা ঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নেবেন কোরিচ। কোরিচ শুরুর দিকে গুরু হিসেবে পেয়েছেন সাবেক উইম্বলডনজয়ী গোরান ইভানিসেভিচকে। ছাত্রের উচ্ছ্বসিত প্রশংসাই ঝরল ইভানিসেভিচের কণ্ঠে, ‘বরনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বয়সের তুলনায় ও খুবই শক্ত মনের, ও বেশ দ্রুত এবং খেলার ধরনটা জোকোভিচের খুব কাছাকাছি। বড় উপলক্ষেও সে মাথা ঠান্ডা রাখে।’ কোরিচ নিজেও জানেন আগামীর তারকা হয়ে ওঠার সকল সম্ভাবনাই রয়েছে তাঁর মধ্যে, ‘এমন চাপ থাকায় আমি খুশি। মানুষের প্রত্যাশা আমি উপভোগ করি।’ উদীয়মান টেনিস খেলোয়াড়টি জানেন চাপ নিয়েই তাঁকে এগিয়ে যেতে হবে, ‘চাপ তো আছেই। এটা আগামী ১০ বা ১৫ বছরেও থাকবে। কাজেই আমাকে মানিয়ে নিতে হবে এবং সুযোগ হিসেবেই দেখতে হবে।’
হাঁটুর চোটে বেশ ভুগেছেন। তারপরও নাদালের বর্তমান ফর্মটা যেন তাঁর নামের সঙ্গে যেন ঠিক যায় না। র্যা ঙ্কিংয়ে নেমে গেছেন ৮ নম্বরে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে এই নাদালেরই সামনে পড়েছেন কোরিচ। ম্যাচে কী হবে না হবে সেটি পরের কথা। তবে স্প্যানিশ মহাতারকা শুধু কোরিচকেই নয়, বড় সব প্রতিপক্ষকেও যেন সতর্ক করে দিলেন, ‘কঠিন একটা বছরের পর আমি আমার পুরোনো রূপে ফেরার খুব কাছাকাছি রয়েছি।’
নাদালের মতো যুগস্রষ্টা খেলোয়াড়ের বিপক্ষে জিতলে অর্জনের খাতায় দাগ পড়বে আরেকটি, হারলেও ক্ষতিবৃদ্ধি নেই। কোরিচের এখন সময়টাই যে উপভোগের। তাই যুগধর্মই যেন গুরুত্ব পেল তাঁর কাছে, ‘আমার উল্কি আঁকাতে ভালো লাগে, কেন নয়? আমার বয়স ১৮ এবং ইচ্ছামতো অনেক কিছু করার বয়স তো এটাই।’ যদিও জানেন, মা দেখে ফেললে বলবেন, ‘আস্ত বোকা!’ এএফপি।