

ইউএস ওপেন জয়ের পর জার্মান-কন্যার মোবাইল ফোনের খোঁজ পড়ল ভিন্ন কারণে। ২০ বছর আগে সর্বশেষ জার্মান হিসেবে ইউএস ওপেন জিতেছিলেন স্টেফি গ্রাফ। পরশু ক্যারোলিন প্লিসকোভাকে ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় জার্মান হিসেবে কারবার জিতলেন ইউএস ওপেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের প্রথম দিকেই তাই থাকল, ‘স্টেফি কি আপনাকে ফোন করেছেন?’ কারবারের উত্তর, ‘আমি ঠিক জানি না কোনো বার্তা দিয়েছেন কি না। ফোনটা যে কোথায়, আমি ঠিক জানি না।’
শনিবার রাতটি দেখল ইতিহাসের পুনরাবৃত্তিও। প্লিসকোভার আগে ইউএস ওপেনে মেয়েদের এককে ফাইনালে ওঠা সর্বশেষ চেক খেলোয়াড় ছিলেন হেলেনা সুকোভা। ২৩ বছর আগের ওই ফাইনালের মতোই চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়কে দর্শক বানিয়ে জিতলেন জার্মান প্রতিযোগী। সেবারের বিজয়ীর নাম? স্টেফি গ্রাফ!
জার্মান কিংবদন্তি অবশ্য শুধু অভিনন্দন জানাতে নয়, ধন্যবাদ জানাতেও ফোন দিতে পারতেন। ফাইনালে ওঠার পরই কারবার নিশ্চিত করেছেন মেয়েদের এককের শীর্ষস্থানটা সেরেনা উইলিয়ামসের কাছ থেকে কেড়ে নিচ্ছেন। ফলে র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্বের রাজত্বটা ১৮৬ সপ্তাহেই থেমে গেছে সেরেনার। আর এক সপ্তাহ শীর্ষে থাকলেই গ্রাফকে পেরিয়ে রেকর্ডটি নিজের করে নিতেন আমেরিকান তারকা। স্টেফির ধন্যবাদ কারবার পেতেই পারেন!
এ কথাটা কারবারের সামনে মোটেও বলতে যাবেন না যেন। কারবারের চোখে তাঁর পূর্বসূরি যে একেবারে ধরাছোঁয়ার বাইরে। আর ফাইনালের আগেই তো স্টেফি তাঁকে শুভকামনা জানিয়েছেন, ‘শুক্রবার তাঁর সঙ্গে কথা হয়েছে। আমাকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি একজন চ্যাম্পিয়ন, আমার আদর্শ, আমি নিজেও তাঁকে অনেকবার সেটা জানিয়েছি।’
মোবাইল খুঁজে পান বা না পান, স্টেফিকে ধন্যবাদ জানিয়ে যে কারবার ফোন করবেন তা নিশ্চিত থাকুন। গত বছর ইউএস ওপেনের আগে হতাশায় ভুগতে থাকা কারবার দেখা করেন স্টেফির সঙ্গে। অনুশীলনও করেন তাঁর ‘আদর্শের’ সঙ্গে। এরপরই যেন ভোজবাজির মতো সব পাল্টে গেল। গত বছরও আলোচনার বাইরে থাকা এক খেলোয়াড় বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। বছর শেষে ইউএস ওপেনও। কারবারের এ কথাটি তাই না বললেও চলত, ‘এক বছরে দুটি গ্র্যান্ড স্লাম জয়ের অনুভূতি অসাধারণ। আমার ক্যারিয়ারের সেরা বছর।’

কারবার পরশুর ফাইনালে নেমেছিলেন একটি সুখবর নিয়ে। সেমিফাইনালে সেরেনার বিদায়ের পরই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে। মেয়েদের টেনিসে মনিকা সেলেসের (১৯৯৬) পর তিনিই বাঁহাতি খেলোয়াড় হিসেবে উঠলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে ফাইনালে হেরে গেলে সে আনন্দটা একটু তেতো ঠেকত কারবারের কাছে। তা অবশ্য হতে দেননি, প্লিসকোভাকে হারিয়ে আনন্দটা উপভোগ করছেন কানায় কানায়, ‘বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়া এবং গ্র্যান্ড স্লাম শিরোপা, ছোটবেলা থেকেই এ স্বপ্ন দেখেছি।’
তিন বছর বয়সেই প্রথম র্যাকেট ওঠে তাঁর হাতে। তারপর একটু একটু করে স্বপ্নটাকে তাড়া করা। তবে সেটি পূরণ হতে একটু দেরি হলো এই যা, ২৮ বছর বয়সটা যে মেয়েদের টেনিসে প্রথম শিরোপা জেতার জন্য একটু বেশিই। গত বছরই ইউএস ওপেনজয়ী ফ্লাভিয়া পেনেত্তা সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড করেই অবসর নিয়েছেন! কারবারের অবশ্য অমন কোনো ইচ্ছে নেই, ‘এক নম্বর খেলোয়াড় হওয়া মানেই সবাই আমাকে হারানোর চেষ্টা করবে। কিন্তু ‘নাম্বার ওয়ান’ হওয়ার জন্য আমিও সব সময় পরিশ্রম করেছি। এখন চেষ্টা করব যত দিন সম্ভব এখানেই থাকার। আমার ধারণা, এই চাপ নিতে আমি প্রস্তুত।’ এএফপি।