স্বরূপে ফেরা ফেদেরারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত উইম্বলডনের ফাইনালে তাঁর কাছেই হেরেছিলেন রজার ফেদেরার। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গত জুলাইতে যিনি ১৮তম গ্র্যান্ড স্লামটি তাঁকে হাতে তুলতে দেননি, সেই নোভাক জোকোভিচকেই সিনসিনাটি ওপেনের ফাইনালে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন টেনিসের সাবেক এক নম্বর।
ক্রীড়াঙ্গনে ‘প্রতিশোধ’ শব্দটা ঠিক যায় না। তারপরও এখানে শব্দটি ব্যবহারের কারণ, গত উইম্বলডনের পর বিশ্রামে যাওয়া ফেদেরারের এটিই প্রথম টুর্নামেন্ট। ফাইনালে সেই একই প্রতিপক্ষ। আলাদা হলো শুধু ফলটাই—ফেদেরারের জয়।
সুইস তারকার কাছে এটি জয়ের চেয়েও বেশি কিছু, ‘এটা অসাধারণ ব্যাপার। যদি খুব সত্যি বলি, আমি এটা আশাই করিনি।’ সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের দুই নম্বর মারের বিপক্ষে জয়, আর ফাইনালে জয় এক নম্বরের বিপক্ষে! এই টুর্নামেন্ট জিতেই আবার র্যাঙ্কিংয়ের দুইয়ে ফিরে এসেছেন ফেদেরার। ৩১ আগস্ট শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের অন্যতম দাবিদার ৩৪ বছর বয়সী খেলোয়াড়।
ফাইনালে ৭-৬ (৭/১), ৬-৩ গেমে জিতেছেন সিনসিনাটি ওপেনে নিজের সপ্তম শিরোপাটি, যেটি ১০০০ মাস্টার্স সিরিজের ২৪, আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৮৭তম শিরোপা।
৯টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচের কাছে মাস্টার্স সিরিজের এই শিরোপাটিই অধরা থেকে গেল। এই নিয়ে পাঁচবার ফাইনালে উঠলেন, তিনবারই স্বপ্নভঙ্গ হলো ফেদেরারের কাছে হেরে। ট্রফি বিতরণ অনুষ্ঠানে রসিকতাচ্ছলে জোকোভিচ যা বললেন, তাতে মিশে থাকল একটা হাহাকারও, ‘আমার মনে হয় ফেদেরারের অবসর না নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে।’
সিনসিনাটি ওপেনের মেয়েদের এককটি জিতেছেন সেরেনা উইলিয়ামস। স্টেফি গ্রাফের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামপ্রত্যাশী সেরেনা ফাইনালে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন সিমোনা হালেপকে। হেরেও অবশ্য রোমানিয়ান তারকা উঠে এসেছেন ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের দুইয়ে। তিনে নেমে গেছেন মারিয়া শারাপোভা। এএফপি, আইএএনএস।