হঠাৎই গ্যালারিতে পড়ল ড্রোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে আছড়ে পড়া ড্রোন সরাতে তৎপর নিউইয়র্ক পুলিশ। পরশু বিলি জিন কিং টেনিস সেন্টারে l মেইল অনলাইন
গ্যালারিতে আছড়ে পড়া ড্রোন সরাতে তৎপর নিউইয়র্ক পুলিশ। পরশু বিলি জিন কিং টেনিস সেন্টারে l মেইল অনলাইন

ফ্লাভিয়া পেনেত্তা-মনিকা নিকুলেস্কুর দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি তখন শেষের পথে। লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামের গ্যালারিতে সশব্দে আছড়ে পড়ল একটা ড্রোন। বন্ধ হয়ে গেল খেলা। ছড়িয়ে পড়ল আতঙ্ক!
বৃহস্পতিবার রাতে বিলি জিন কিং টেনিস সেন্টারে ড্রোনের অনাকাঙ্ক্ষিত ‘আবির্ভাব’ অবশ্য টুর্নামেন্টের ম্যাচ সূচি এলোমেলো করে দিতে পারেনি। পেনেত্তা-নিকুলেস্কুর ম্যাচটি কিছুক্ষণ বন্ধ থাকলেও ঘটনাস্থলে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা এসে পড়ায় আবার শুরু হয় খেলা। ভাগ্য ভালো, গ্যালারির যে অংশে আছড়ে পড়েছিল চার ডানার কালো রঙের ড্রোনটি, সে জায়গাটা তখন ফাঁকাই ছিল। কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন।
তবে গ্যালারিতে ড্রোন পড়ায় কমবেশি সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ড্রোন-কাণ্ডে বিরতির পর শুরু হওয়া ম্যাচটি ৬-১, ৬-৪ গেমে জিতে ইতালির পেনেত্তা জানিয়েছেন, ‘আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। সারা বিশ্বে যা ঘটছে তাতে প্রাথমিকভাবে ড্রোনটাকে আমি বোমা বলেই মনে করেছিলাম।’ পরশু এই বোমাতঙ্ক কাটিয়ে পেনেত্তা জিতলেও জিততে পারেননি সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি। ডেনিশ তারকা ৬-৪, ৫-৭, ৭-৬ (৭/১) গেমে হেরেছেন পেত্রা সেতকোফস্কার কাছে। চেক এই প্রতিযোগীর কাছে সাবেক এক নম্বর অবশ্য আগেও ধরাশায়ী হয়েছেন। ২০১৩ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেও সেতকোফস্কা হারিয়েছিলেন তাঁকে। ওজনিয়াকির বিদায়ে মেয়েদের বিভাগে শীর্ষ দশ বাছাইয়ের টিকে রইলেন মাত্র তিনজন—শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস, দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ এবং পঞ্চম বাছাই পেত্রা কেভিতোভা। রোমানিয়ার হালেপ পরশু ইউক্রেনের কাতেরিনা বন্দারেঙ্কোকে এবং চেক প্রজাতন্ত্রের কেভিতোভা যুক্তরাষ্ট্রের নিকোল গিবসকে হারিয়েছেন।
পুরুষ বিভাগে পরশু জয়জয়কার ছিল বাছাই তারকাদের। দ্বিতীয় বাছাই রজার ফেদেরার, তৃতীয় বাছাই অ্যান্ডি মারে, পঞ্চম বাছাই স্তানিসলাস ভাভরিঙ্কা উঠে গেছেন পরের রাউন্ডে। বার্নার্ড টমিকের বিপক্ষে প্রথম সেট হেরেও পরের দুই সেট জিতে ম্যাচে ফিরেছিলেন লেটন হিউইট। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২, ৩-৬, ৫-৭, ৭-৫ গেমে হেরে যাওয়া ম্যাচটিই ফ্লাশিং মিডোয় ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল পরের অস্ট্রেলিয়ান ওপেন খেলে অবসর নিতে যাওয়া হিউইটের। এএফপি, ইউএসএ টুডে।