হার না-মানা সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪? এ তো একটি সংখ্যা মাত্র। বয়স? এ তো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা লোকজনের অজুহাত। সেরেনা উইলিয়ামসকেই দেখুন, প্রায় পঁয়ত্রিশ ছুঁই-ছুঁই বয়সে এসেও দাপটের সঙ্গে খেলছেন, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দিনে দিনে আরও উজ্জ্বল হয়ে উঠছেন! পরশু অ্যাঞ্জেলিক কারবারকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে জিতেছেন গ্র্যান্ড স্লাম এককের ২২তম শিরোপা।
টেনিসে ২২ সংখ্যাটি ছিল শুধুই স্টেফি গ্রাফের। উন্মুক্ত যুগে এককে ২২টি শিরোপা জিতে এক অনন্য চূড়ায় বসেছিলেন জার্মান কিংবদন্তি। পরশু তাঁরই স্বদেশি কারবারকে হারিয়ে সে রেকর্ড স্পর্শ করলেন সেরেনা। যেমন ফর্মে আছেন তাতে স্টেফিকে ছাড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেরেনার আসল লক্ষ্য তো এখন মার্গারেট কোর্ট। উন্মুক্ত যুগের সীমারেখা তুলে নিলে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড কোর্টের। অস্ট্রেলিয়ান এই টেনিস গ্রেটের নামের পাশে ২৪টি শিরোপা, এর ১৩টি জিতেছিলেন উন্মুক্ত যুগ শুরুর আগে।
কোচ প্যাট্রিক মুরাতগ্লু তো এখনই সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন, ‘সেরেনা হচ্ছে এমন একজন যে রেকর্ড ভাঙে, শুধু ছুঁয়েই থামে না। আমরা এভাবেই চালিয়ে যাব। আমার ধারণা সে অনেক দূর যাব, কারণ সে এটি করতে চায়।’
সাম্প্রতিক সময়ের সেরেনার সাফল্যও সে ইঙ্গিত দিচ্ছে। পেশাদার ক্যারিয়ার ১৯ বছরের, অথচ গত পাঁচ বছরেই ৯টি গ্র্যান্ড স্লাম তাঁর। বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ক্যারিয়ারের রেখাচিত্র যখন সবার নিম্নমুখী হয়, সেখানে পঁয়ত্রিশ ছুঁই-ছুঁই বয়সেও সেরেনার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী! তাতে টেনিসের বহুল প্রচলিত ‘ত্রিশেই বুড়ো’ কথাটিকে ভুলিয়ে দিচ্ছেন তিনি।
সে জন্যই তো উইম্বলডন জয়ের পর ২২ শব্দটি যতবার উচ্চারিত হলো, ততবারই এল ২৪ সংখ্যাটি। সেরেনা অবশ্য এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন। পরবর্তী লক্ষ্য কি মার্গারেট? এমন প্রশ্নে যেন ভয়ই পেলেন, ‘ও খোদা, না! আমি ২২ নিয়েই অনেক কিছুই শিখেছি। আমি শিখেছি এসব বিতর্ক, আলোচনায় অংশ না নেওয়াই ভালো। শুধু টেনিস খেলা উচিত, সেটাই আমি সবচেয়ে ভালো করি। এসব মুহূর্ত উপভোগ করা উচিত, আমি তাই করব।’
গত তিনটি গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। ইউএস ওপেনে খেলেছেন সেমিফাইনালে। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে ফাইনালে। প্রতিবারই ‘স্টেফিকে ছোঁবেন কবে?’ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবার তাই সাবধানী সেরেনা।
তবে তাঁর প্রতিপক্ষদের দুঃসংবাদ দিয়ে রেখেছেন তিনি। এই দাপুটে খেলা চালিয়ে যাবেন সেরেনা, ‘আমি অবশ্যই চাইব যত দিন পেশাদার টেনিসে থাকব এভাবে খেলা চালিয়ে যেতে। একঘেয়েমিতে ভোগা? না, এটা সম্ভব না। যতক্ষণ জিতছি, কোনো বিরক্তি কাজ করে না আমার মধ্যে। এমনকি হারলেও না, কারণ সেটি আমাকে আরও পরিশ্রম করতে উৎসাহ জোগায়। যাতে আবারও ফিরে আসি এবং শিরোপা জিতি।’
সেটি অবশ্য বেশ সোজা এখন সেরেনার পক্ষে। তাঁর যোগ্য কোনো প্রতিপক্ষই তো নেই এখন মেয়েদের টেনিসে। এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে বোন ভেনাস ও সাময়িক নিষিদ্ধ মারিয়া শারাপোভা ছাড়া ২টির বেশি শিরোপা জেতেননি আর কেউ। সে জন্যই তো ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এক নম্বর খেলোয়াড় সেরেনা হুংকার ছুড়তে পারছেন, ‘কে বলেছে আমাদের বয়স বেশি হয়ে গেছে? কে এ সীমা বেঁধে দিল?’ এএফপি।