হালেপের বিদায় প্রথম রাউন্ডেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনের ঘাসের কোর্ট সিমোনা হালেপের খুব পছন্দ। দিন তিনেক আগে নিজের মুগ্ধতার কথা জানিয়ে বলেছিলেন, ‘যখন কোর্টে যাবেন, আপনার মনে হবে সুন্দর কোনো হোটেলে যাচ্ছেন।’
সেই ‘সুন্দর হোটেল’ থেকে দ্রুতই ছিটকে পড়লেন গতবারের সেমিফাইনালিস্ট রোমানিয়ান! পরশু উইম্বলডনের দ্বিতীয় দিনে হালেপের সঙ্গে বিদায় নিয়েছেন গতবারের ফাইনালিস্ট ইউজিনি বুশারও। এই জোড়া তারকার খসে পড়া বাদ দিলে এদিন বাছাই সব তারকাই উতরেছেন প্রথম রাউন্ডের বাধা।
বুশারের ফর্মটা অবশ্য আগে থেকেই ভালো যাচ্ছিল না। কেউ বলতে পারেন টেনিস থেকে কানাডিয়ান তরুণীর মনোযোগই সরে গেছে। গত উইম্বলডনের ফাইনালে ওঠার পর বুশারের নাম-যশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিত্ত-বিভবও। কানাডার টেলিভিশনে বিভিন্ন পণ্যের দূত হিসেবে ঘন ঘন দেখা যায় তাঁকে। চুক্তি হয়েছে একাধিক বহুজাতিক কোম্পানির সঙ্গে। কিন্তু মাঠের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। সর্বশেষ ১৪ ম্যাচের ১২টিতেই হারলেন। অবশ্য পরশু চীনের অবাছাই ডুয়ান ইং-ইং-এর কাছে ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে পরাজয়ের জন্য দুষতে পারেন অসুস্থতাকেও। খেলেছেন প্রচণ্ড ব্যথা নিয়ে!
তৃতীয় বাছাই হালেপের পরাজয়টা আরও বেশি অপ্রত্যাশিত। গতবার খেলেছিলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। এবার হারলেন প্রথম রাউন্ডে, ৫-৭, ৬-৪, ৬-৩ গেমের হারটি তাও কিনা টেনিস র্যাঙ্কিংয়ের ১০৬ নম্বরে থাকা ইয়ানা সেপেলোভার কাছে।
পুরুষ বিভাগে নিজের টানা ৬৩তম গ্র্যান্ড স্লামটি ফেদেরার শুরু করেছেন বসনিয়া হার্জেগোভিনার দামির জুমহুরকে ৬-১, ৬-৩, ৬-৩-এ হারিয়ে। স্বরূপে দেখা গেল রাফায়েল নাদালকেও। দশম বাছাই নাদাল ৬-৪, ৬-২, ৬-৪ গেমে জিতেছেন ব্রাজিলের টমাস বেলুচ্চির বিপক্ষে। কাল নিজ নিজ ম্যাচে জয় পেয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ ও মারিয়া শারাপোভা। এএফপি।