হেরে গেলেন নাদাল

৪ সেট শেষে সমতা; রাফায়েল নাদাল ২, ফার্নান্দো ভারদাস্কো ২। পঞ্চম সেটের প্রথম দুই গেম জিতে এগিয়ে গেলেন নাদাল। ততক্ষণে মেলবোর্ন পার্কে ফিরে এসেছে ২০০৯! সাত বছর আগে এই অস্ট্রেলিয়ান ওপেনেই দুজনের ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ মানসিকতা জন্ম দিয়েছিল কাব্যিক এক টেনিস লড়াইয়ের। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচটিতেও দেখা গেল কাব্যিক সব ম্যাচের উপকরণ। কিন্তু বদলে গেল ম্যাচ বিজয়ীর নাম। সেবার সেমিফাইনালে ৫ ঘণ্টা ১৪ মিনিট লড়াইয়ের পর জিতেছিলেন নাদাল। এবার ৪ ঘণ্টা ৪১ মিনিটের ম্যারাথন ম্যাচে বিজয়ী ভারদাস্কো।
পঞ্চম সেটে ২-০ গেমে এড়িয়ে যাওয়ার পর যখন জয়ের পাল্লাটা হেলে পড়েছিল ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের দিকে, তখনই অসাধারণভাবে ঘুরে দাঁড়ালেন র্যাঙ্কিংয়ে ৪৫-এ থাকা ভারদাস্কো। নাদালকে কোনো সুযোগ না দিয়ে টানা ৬টি গেম জিতে ম্যাচটিও জিতে নিলেন ৭-৬ (৮/৬), ৪-৬, ৩-৬, ৭-৬ (৭/৪), ৬-২ গেমে। ৩২ বছর বয়সী স্প্যানিশ এই প্রতিযোগীর জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন নাদাল! এএফপি, টেনিসডটকম।
অথচ গত বছরের ব্যর্থতা ঝেড়ে নতুন বছরে নতুন করে শুরু করতে চেয়েছেন এ টুর্নামেন্টের পঞ্চম বাছাই নাদাল। প্রস্তুতি নিয়েছিলেন, কঠোর পরিশ্রমও করেছিলেন। কে জানত, হার দিয়েই শুরু হবে নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্লামটাও! ম্যাচ শেষে একরাশ হতাশাই ঝরে পড়ল নাদালের কণ্ঠে, ‘এই ম্যাচে হার মেনে নেওয়াটা আমার জন্য খুব কঠিন। গত বছরের মতো অবস্থা এবার ছিল না আমার। আগেরবার খারাপ খেলেই এসেছিলাম, নিজের মধ্যে এই অনুভূতিটাও কাজ করছিল আমি খেলার জন্য প্রস্তুত নই। কিন্তু এবারের পটভূমি ছিল পুরোপুরি আলাদা। আমি অনেক খেলেছি, অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি। এত পরিশ্রম করার পর গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের শুরুতেই বিদায় মেনে নেওয়াটা কঠিনই।’
চতুর্থ সেটেও একবার জয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন নাদাল। এগিয়ে গিয়েছিলেন ৫-২ গেমে। আর একটা গেম জিতলেই যখন পরের রাউন্ড নিশ্চিত, তখনই ভারদাস্কো-ভেল্কির শুরু। নাদালের বিপক্ষে আগের ১৭টি সাক্ষাতের ১৫টিতেই হেরেছিলেন ভারদাস্কো। কাল পেলেন মুখোমুখি লড়াইয়ে তৃতীয় জয়। গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে এটি নাদালের দ্বিতীয় হার। এর আগে ২০১৩ সালে হেরেছিলেন উইম্বলডনের প্রথম রাউন্ডে।
নাদালের পতনই দিনে মহিলা বিভাগে হেরে গেছেন সিমোনা হালেপ। দ্বিতীয় বাছাই এই রুমানিয়ানকে হারিয়েছেন চিনের ঝ্যাং সুয়াই। গ্রেট ব্রিটেনের জোহানা কন্টার কাছে হেরে গেছেন ৭টি গ্র্যান্ড স্লামের মালিক ভেনাস উইলিয়ামসও।