১০ বছরে এমন অভিজ্ঞতা হয়নি নাদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন্নিনিকে অভিনন্দন নাদালের। ছবি: রয়টার্স
ফন্নিনিকে অভিনন্দন নাদালের। ছবি: রয়টার্স

প্রথম দুটো গেমে জিতলেন। কিন্তু নাটক জমে উঠল শেষ তিনটিতে। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আজ ইতালির ফ্যাবিও ফন্নিনির বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অথচ, খেলাটা কী দারুণভাবেই না শুরু করেছিলেন।
প্রথম দুটি গেমে এগিয়ে গিয়েছিলেন ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা এই তারকা। কিন্তু তৃতীয় গেমেই ঘুরে দাঁড়ান র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে অবস্থান করা ইতালীয় এই তারকা। শেষমেশ ফন্নিনি ম্যাচটা জিতে নেন ৩-৬,৪-৬, ৬-৪,৬-৩, ৬-৪ গেমে। চতুর্থ রাউন্ডে ২৮ বছর বয়সী ফন্নিনির প্রতিপক্ষ আরেক স্প্যানিয়ার্ড ফেলিসিয়ানো লোপেজ।
প্রথম দুই গেমে জিতেও ম্যাচ হারার অভিজ্ঞতা এই প্রথম হলো নাদালের। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ব্যর্থতার পর ইউএস ওপেন থেকেও বিদায়। শুধু তা-ই নয়, গত ১০ বছরের মধ্যে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ছাড়াই বছর শেষ করতে হচ্ছে নাদালের।
স্বাভাবিকভাবেই এমন পরাজয়ে মন ভালো নেই নাদালের। তবে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি। বললেন, ‘সে দারুণ খেলেছে। পরাজয়ে খারাপ লাগছে। তবে সে আমার চেয়ে ভালো খেলেছে। যা হওয়ার তা-ই হয়েছে।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।