১২ বছর ধরে যে রহস্যের সমাধান খুঁজছেন শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটার মতো যদি লড়াই করতে পারতেন! ছবি: এএফপি
ছবিটার মতো যদি লড়াই করতে পারতেন! ছবি: এএফপি

২০০৪ সালটিকে কী করে ভুলবেন মারিয়া শারাপোভা? সেবার যে মাত্র ১৭ বছর বয়সে জিতেছিলেন টেনিসের সবচেয়ে গর্বের টুর্নামেন্ট উইম্বলডন। বয়স, সৌন্দর্য আর সাফল্য একই মোহনায় মিশে শারাপোভাকে রাতারাতি বানিয়ে তুললে মহা তারকা। ওই বছর শারাপোভা জিতলেন বছর সমাপক ওয়ার্ল্ড ট্যুর ফাইনালও। আর এই দুই অবিস্মরণীয় সাফল্য এল তখনকার এক নম্বর তারকা সেরেনা উইলিয়াম​সকে ফাইনালে হারিয়ে!


কী অবিশ্বাস্য শুরু! এবং ওখানেই একটা জায়গায় শেষও। ওই এক বছরেই বড় দুই টুর্নামেন্টের ফাইনালে হারানোর পর সেরেনাকে আর কখনোই হারাতে পারেননি। টানা ১২ বছর ধরে সেরেনার কাছে হেরে চলেছেন। ​

শারাপোভার বিপক্ষে টানা ১৮তম জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চলে গেলেন এই বুড়ো বয়সেও টেনিসের রাজত্ব নিজের মুঠোয় পুরে রাখা সেরেনা।

আজও শারাপোভাকে স্রেফ উড়িয়ে দিলেন। ৫৫ মিনিট স্থায়ী প্রথম সেটটা তবু ৬-৪ হলো। দ্বিতীয় সেট ৬-১! অতীত রেকর্ড জানার পরও যারা বড় আশা করে ম্যাচটায় চোখ রেখেছিলেন, এমন একপেশে লড়াই দেখে হয়তো হতাশ হয়েছেন। সেরেনা এখন শারাপোভার জন্য বড় এক মানসিক বাধার নামও। নেটের ওপাশে সেরেনাকে দেখলেই সব গড়বড় করে ফেলেন। কিংবা কে জানে, হয়তো নেটের ওপাশে শারাপোভাকে দেখলেই বেশি আগুন জ্বলে ওঠে সেরেনার মনে!

২০০৫ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে দুজনের মহাকাব্যিক ২-৬, ৭-৫, ৮-৬ গেমের ম্যাচটি দিয়েই সেরেনার কাছে শারাপোভার পতনের শুরু। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের ২১ ম্যাচের মাত্র দুটিতে জিতেছেন। ওপেন যুগ শুরুর পর মেয়েদের টেনিসে কমপক্ষে ২১ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে দুই কিংবা এর কম জয়ের আর মাত্র দুটি নজির আছে। ক্রিস এভার্ট বনাম ওয়েন্ডি টার্নবুল (২১-১) ও মনিকা সেলেস বনাম কঞ্চিতা মার্টিনেজ (২০-১)। অবশ্য ​মেয়েদের টেনিসের সবচেয়ে একপেশে লড়াই সম্ভবত মার্টিনা নাভ্রাতিলোভা বনাম পাম শ্রিভারের। নাভ্রাতিলোভার সঙ্গে ৪৩ ম্যাচ খেলে মাত্র তিনটি জিততে পেরেছিলেন পরে ইএসপিএনের হয়ে টেনিস সাংবাদিক হিসেবে নাম কামানো শ্রিভার।

সেরেনা এখনো ক্ষুধার্ত! ছবি: এএফপি
সেরেনা এখনো ক্ষুধার্ত! ছবি: এএফপি

সেরেনা-শারাপোভা লড়াইটা ওদিকেই এগোচ্ছে! আজ ম্যাচ শেষে সেরেনার বলা কথাগুলোও তাই শারাপোভার জন্য সান্ত্বনা পুরস্কার মনে হতে পারে, ‘মারিয়া অসাধারণ লড়াকু একজন খেলোয়াড়, তীব্রতা ও দৃঢ় মনোযোগ নিয়ে ও খেলে। ও এক সময় বিশ্বের এক নম্বর ছিল, এতগুলো গ্র্যান্ড স্লামও এমনি এমনি জেতেনি।’
শারাপোভা মুখে যা-ই বলুন, মনে মনে হয়তো বলছেন, কেন যে ২০০৪-এ ওভাবে জিততে গেলাম!