১৩ বছর পর হলো এমন...

২০০৩ সালে এমনটা হয়েছিল সর্বশেষ। এরপর এবারই প্রথম। টানা ১৩ বছর পর পুরুষ এককের র্যাঙ্কিংয়ের শীর্ষ চার থেকে ছিটকে গেলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল, দুজনই। নাদাল এখন অবস্থান করছেন ৫ নম্বরে। ফেদেরার ৭ নম্বরে। এক যুগেরও বেশি সময় ধরে টেনিস–বিশ্বকে মোহিত করা, শাসন করা দুই ‘র’-এর যুগ যেন সত্যিই শেষ হতে চলল!
দুজনে মিলে জিতেছেন ৩১টি একক গ্র্যান্ড স্লাম। ফেদেরার তো পিট সাম্প্রাসের সর্বকালের সেরার রেকর্ড সেই কবেই ভেঙে দিয়েছেন। নাদাল একসময় এমন অপ্রতিরোধ্য গতিতে ছুটছিলেন, মনে হচ্ছিল, ফেদেরারের মুকুট হয়তো খুব দ্রুতই চলে যাবে তাঁর কাছে। কিন্তু বয়স আর চোট দুজনকেই থামিয়ে দিয়েছে। দুজনের মধ্যে নাদালই সর্বশেষ কোনো গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেটিও কিন্তু দুই বছর আগে!
২০০৩ সালের জুনে ফেদেরার অবস্থান করছিলেন ৫ নম্বরে, আর সদ্য তরুণ নাদাল ছিলেন ৭৬-এ। দুজনের কেউই তখনো কোনো গ্র্যান্ড স্লামই জেতেননি। জুলাইতেই উইম্বলডন জিতে ফেদেরার সেরা চারে চলে আসেন। আর ঠিক এর পরের বছর নাদাল জেতেন ফ্রেঞ্চ ওপেনে, যেখানে তাঁর রাজত্ব চলেছে দীর্ঘদিন।
সেই সময়ের পর র্যাঙ্কিংয়ের সেরা চারে নাদাল অথবা ফেদেরারের অন্তত একজন তো ছিলেনই। বলা বাহুল্য, ১ আর ২ নম্বর জায়গাটা দীর্ঘদিন দখলে ছিল এই দুজনেরই। দুজনে উপহার দিয়েছেন স্মরণীয় অনেক লড়াই। এর মধ্যে ২০০৮ সালের উইম্বলডন ফাইনালটিকে তো বলা হয় টেনিসের সর্বকালের সেরা ম্যাচ।
কিন্তু সব যুগেরই শেষ হয়। ফেদেরারের তবু ৩৫ বছর বয়স চলছে। নাদালের ৩০। চোট একটু বেশিই ভোগাল এই স্প্যানিয়ার্ডকে। এর মধ্যে নোভাক জোকোভিচ আর অ্যান্ডি মারের উত্থান দুজনকে দৃশ্যপট থেকেই সরিয়ে দিয়েছে। ১৭ গ্র্যান্ড স্লামের সর্বশেষটি ফেদেরার জিতেছিলেন সেই ২০১২ সালে। ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল।
সর্বশেষ র্যাঙ্কিং যেন রজার-রাফা যুগের শেষটাই ঘোষণা করে দিল। দুজনই যদিও এখনো হাল ছাড়তে নারাজ।