২০১১ ফিরিয়ে আনবেন জোকোভিচ!

তিন-তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা, টানা ৪১ জয়—২০১১ সালটা ভালো করেই মনে আছে নোভাক জোকোভিচের। পরশু মায়ামি ওপেন জয়ের পর ফেলে আসা সেই বছরটিই ভেসে উঠছে সার্বিয়ান তারকার সামনে।
সেবারের মতো এ বছরটিও দারুণভাবে শুরু করেছেন জোকোভিচ। বছরের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর শিরোপা জিতেছেন ইন্ডিয়ানা ওয়েলসে। এর পর গত পরশু ব্রিটিশ প্রতিযোগী অ্যান্ডি মারেকে ৭-৬ (৭/৩), ৪-৬, ৬-০ গেমে হারিয়ে জিতলেন মায়ামি ওপেন। বছরের প্রথম ভাগের তিনটি বড় শিরোপা জয়ের পর ২০১১-এর পুনরাবৃত্তির স্বপ্ন দেখতেই পারেন টেনিসের ১ নম্বর জোকোভিচ। তবে ২০১১-এর পুনরাবৃত্তির কথা মুখে আনতে চাইলেন না, ‘আগেভাগে কোনো কিছুই বলতে চাই না। অহেতুক বাড়তি চাপের বোঝা কাঁধে নেব কেন? এমনিতেই আমাকে নিয়ে অনেক প্রত্যাশা। যেখানেই যাই, এই চাপের সঙ্গে মানিয়ে নিতে হয় আমাকে।’
২০১৫-তে ২০১১-এর ফেরা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে না চাইলেও নিজের ভালো ফর্মটা ঠিক বুঝতে পারছেন জোকোভিচ, ‘তিন-তিনটি বড় শিরোপা জিতেছি, মৌসুমের শুরুটা এর চেয়ে আর ভালো হতে পারত না। আশা করছি, এ থেকে পাওয়া আত্মবিশ্বাসটা সামনের ক্লে-কোর্টের টুর্নামেন্টে কাজে লাগাতে পারব। ফর্ম ধরে রেখে ফ্রেঞ্চ ওপেন খেলতে পারাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
রোববারের জয়ে টেনিসের মাস্টার্স শিরোপা দৌড়ে গ্রেট ইভান লেন্ডলকে ছুঁয়ে ফেললেন জোকোভিচ। দুজনেরই মাস্টার্স শিরোপাসংখ্যা ২২। ২৩ ও ২৭টি শিরোপা নিয়ে তাঁর সামনে আছেন দুজন—রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। রয়টার্স, এএফপি।