৪ বছর নিষিদ্ধ শারাপোভা?
ডোপ পাপে ১২ মার্চ থেকে নিষিদ্ধ মারিয়া শারাপোভা। সেটি সাময়িক থেকে স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। গতকাল লন্ডনে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ডোপিংবিরোধী শুনানির মুখোমুখি হয়েছেন রুশ টেনিস তারকা। এই শুনানিতেই ভবিষ্যৎ নির্ধারিত হবে শারাপোভার। আইটিএফের আইন অনুযায়ী ডোপ টেস্টে উতরাতে না পারলে চার বছরের নিষেধাজ্ঞা জোটে দোষী ক্রীড়াবিদের।
মেলডোনিয়াম নামক নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছেন শারাপোভা। তিনি নিজেই জানিয়েছেন, ১০ বছর ধরে এ ওষুধ ব্যবহার করেছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে মেলডোনিয়াম আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় যুক্ত হয়েছে। ফলে অনেক রুশ অ্যাথলেট এ বছর ডোপ টেস্টে উতরাতে পারেননি।
তবে ওয়াডা স্বীকার করেছে, শরীরে মেলডোনিয়ামের উপস্থিতি কত দিন পর্যন্ত থাকে সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। ফলে শারাপোভা কিংবা অন্য অ্যাথলেটরা ১ জানুয়ারির পর এ মাদক নিয়েছেন সেটি প্রমাণ করা কঠিন হয়ে যাচ্ছে। শারাপোভাও এর আগে কখনো নিষিদ্ধ মাদক নেওয়ার জন্য অভিযুক্ত হননি। তাঁর পক্ষে কাজ করছে এ দুটি বিষয়। রয়টার্স।