৪৬ বছরে উইম্বলডনের বুড়োদের ‘রাজা’ও ফেদেরার

গত ৪৬ বছরে সবচেয়ে বেশি বয়সী হিসেবে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে রজার ফেদেরার।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো অপ্রতিরোধ্য রজার ফেদেরার। এই বয়সেও! ৩৯ বছর বয়সে এসেও তাড়না অনুভব করেন শিরোপা জেতার। জীবনে অনেক রেকর্ড গড়েছেন। এবারের উইম্বলডনে তিনি গড়লেন আরও এক রেকর্ড। তবে সেটি খেলার নয়, গত ৪৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন ফেদেরার।

আটবারের শিরোপাজয়ী ফেদেরার বৃহস্পতিবার হারিয়েছেন ফরাসি খেলোয়াড় রিচার্ড গাসকুয়েতকে ৭–৬, ৬–১, ৬–৪ গেমে। এ নিয়ে ১৮ বারের মতো উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন তিনি।

নিজের খেলায় সন্তুষ্ট ফেদেরার।
ছবি: রয়টার্স

১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কেন রোজওয়াল উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন ৪০ বছর বয়সে। ফেদেরার সেটি করলেন ৩৯ বছর বয়সে। গত ৪৬ বছরে তিনিই সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পা রাখা খেলোয়াড়। ফেদেরারের ৪০ বছরের জন্মদিন আগামী মাসেই।

গ্যাসকুয়েতের বিপক্ষে নিজের খেলা নিয়ে সন্তুষ্টি ঝরেছে ফেদেরারের কণ্ঠে, ‘আমি তাঁকে খুব ভালো করেই জানি। অনেকবার তাঁর বিপক্ষে খেলেছি। তাঁর বিপক্ষে কোর্টে নামাটা সব সময়ই খুব উপভোগ্য। ম্যাচটা দারুণ হয়েছে। আমি নিজের খেলায় সন্তুষ্ট। প্রথম সেটটা খুব কঠিন ছিল। তবে দ্বিতীয় সেটে আমি ঘুরে দাঁড়াই। তৃতীয় সেটে আমি ভালো খেলেছি আরও। নিজের খেলায় আমি খুশি, খুবই খুশি।’

আরও একটি উইম্বলডন–শিরোপার স্বপ্ন দেখছেন ফেদেরার।
ছবি: রয়টার্স

ক্যামেরন নরির বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছেন ফেদেরার। তিনি অবশ্য জানেন, উইম্বলডনে সেন্টার কোর্টের সমর্থন ২৫ বছর বয়সী নরির দিকে কিছুটা ঝুঁকে থাকবে। ঘরের ছেলে বলে তো একটা কথা আছেই, ‘গত ২০ বছরে আমি সেন্টার কোর্টের দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। তবে নরির বিপক্ষে ম্যাচে দর্শকেরা সমর্থনটা নরিকেই একটু বেশি দেবে, সেটাই স্বাভাবিক। তবে আমি মনে করি, দুই দশকে আমি এখানে যেভাবে সমর্থন পেয়েছি, আগামী ম্যাচেও সেটির কোনো ব্যতিক্রম হবে না।’

প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই আছে ফেদেরারের। কিন্তু কোর্টে যে সেই ভালোবাসা তুলেই রাখবেন তিনি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, ‘নরি খুবই ভালো খেলোয়াড়। বছরটাও তাঁর খুব ভালো কাটছে। তবে নরিকে এবার টুর্নামেন্ট থেকে বিদায় করানোর সবকিছুই আমি করব।’