৭ বছর পর জোকোভিচের এমন বিদায়

ফ্রেঞ্চ ওপেন জয়ের পরই ক্যারিয়ার স্লাম হয়ে গিয়েছিল তাঁর। এখানেই থামতে চাননি নোভাক জোকোভিচ, স্বপ্নের সীমাটা ‘ক্যালেন্ডার স্লাম’ এমনকি অলিম্পিক সোনা জিতে ‘গোল্ডেন স্লাম’ পর্যন্ত টেনে নিতে চেয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন যাত্রা শেষ হয়ে গেল আজ। স্যাম কোয়েরির কাছে হেরে উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
গ্রান্ড স্লাম হচ্ছে আর কোয়ার্টার ফাইনালে জোকোভিচ নেই—এমন ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৯ সালে। সেবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জার্মান কোলশ্রাইবারের কাছে সরাসরি সেটে হেরে গিয়েছিলেন সার্বিয়ান তারকা। এরপর ২৮টি গ্র্যান্ড স্লামে অংশ নিয়ে প্রতিবারই কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছেন। উইম্বলডনে কোয়েরির কাছে ৭-৬(৮/৬), ৬-১, ৩-৬, ৭-৬(৭/৫) গেমে হেরে প্রায় সাত বছর পর আবার কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে পড়তে হলো জোকোভিচকে।
ইঙ্গিত অবশ্য আগের দিনই মিলছিল। জোকোভিচ প্রথম দুই সেটে হেরে গিয়েছিলেন র্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা কোয়েরির কাছে। বৃষ্টি সে যাত্রা বাঁচিয়ে দিলেও, আজ আর রক্ষা হলো না। তৃতীয় সেটে ফিরে এলেও চতুর্থ সেট টাইব্রেকারে হেরে বিদায় নিলেন ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম থেকে। এএফপি