৮ বাছাইয়ের বিদায়
৩২-১৬-৮। ৩২ বাছাই। প্রথম দিনে কোর্টে নামলেন ১৬ জন। এঁদের অর্ধেকেরই অস্ট্রেলিয়ান ওপেন শেষ প্রথম রাউন্ডে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম দিনটা কাল হলো মেয়েদের বাছাই খেলোয়াড়দের জন্য। পাগুলে এই দিনে অবশ্য দারুণ জয় দিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও মারিয়া শারাপোভারা।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার ৬-৪, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন তাইওয়ানের লু ইয়েন-সুনকে। নাদাল রাশিয়ার মিখাইল ইয়ুঝনিকে ও মারে ভারতের ইয়ুকি ভামব্রিকে হারিয়েছেন।
শারাপোভা ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিচের ২৪তম জন্মদিন মাটি করে জিতেছেন ৬-৪, ৬-১ গেমে। প্রথম দিনে অঘটনের শিকার হওয়াদের মধ্যে সবচেয়ে বড় নাম আনা ইভানোভিচ। পঞ্চম বাছাই ও বিশ্বের সাবেক এক নম্বর হেরেছেন দ্বৈতে খেলে বিখ্যাত হয়ে ওঠা লুসি রাদেসকার কাছে। কাল হেরেছেন অ্যাঞ্জেলিক কেরবার (৯ম), লুসি সাফারোভা (১৬), কার্লা সুয়ারেজ নাভারো (১৭), আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভা (২৩), সভেৎলনা কুজনেৎসভা (২৭) ও সাবিনা লিসিকিও (২৮)। এএফপি, রয়টার্স।