৮৪ গেমের ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভো কার্লোভিচের নাম হয়তো অনেকে শুনেছেন। কিন্তু হোরাসিও জেবালসকে কজন চেনেন! এই দুজনের ম্যাচের খোঁজ রাখার লোকই বা কজন আছেন! গতকাল রাফায়েল নাদালের ম্যাচ ছিল। কোর্টে নেমেছেন নোভাক জোকোভিচও। মেয়েদের এককে ছিল সেরেনা উইলিয়ামস, আগ্নিয়েস্কা রাদভান্সকা, ক্যারোলিন ওজনিয়াকিদের খেলা। এমন দিনে কার্লোভিচ-হোরাসিও ম্যাচ হারিয়ে যাওয়ারই কথা। কিন্তু এই ম্যাচটিই যে উপহার দিল দারুণ এক রেকর্ড।
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্যারাথন ম্যাচটি শেষ হয়েছে ৮৪ গেমে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচটিতে ৭৫টি ‘এইস’ করেছেন কার্লোভিচ। আর্জেন্টিনার অবাছাই খেলোয়াড় জেবালসকে হারিয়েছেন ৬-৭ (৬/৮), ৩-৬, ৭-৫, ৬-২, ২২-২০ গেমে। অস্ট্রেলিয়ান ওপেনে টাইব্রেক যুগে এর আগে সর্বোচ্চ গেমের ম্যাচটি ছিল অ্যান্ডি রডিক আর ইয়োনেস এল আইনাওয়ির। ২০০৩ সালে ৮৩ গেমের সেই ম্যাচে হেরে গিয়েছিলেন রডিক।
কার্লোভিচ-জেবালসের ম্যাচটি সময়ের হিসেবে অবশ্য রেকর্ড গড়তে পারেনি। অস্ট্রেলিয়া ওপেনে সবচেয়ে লম্বা সময়ের ম্যাচের রেকর্ডটি হয়েছে ২০১২ সালের ফাইনালে। ৫ ঘণ্টা ৫৩ মিনিটের ম্যাচটিতে নাদালকে হারিয়ে শিরোপা জিতেছিলেন জোকোভিচ। টেনিসের ইতিহাসে সবচেয়ে লম্বা ম্যাচ খেলার রেকর্ড জন ইসনার ও নিকোলাস মাহুতের। ২০১০ সালের উইম্বলডনে দুজনের ম্যাচটি শেষ হয়েছিল ১১ ঘণ্টা ৫ মিনিট পর। ১৮৩ গেমের ম্যাচটির শেষ সেটে ৭০-৬৮-তে জিতেছিলেন ইসনার। এএফপি