'অল-উইলিয়ামস' ফাইনাল দেখা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারলেন না ভেনাস ভিলিয়ার্স। ছবি: এএফপি
পারলেন না ভেনাস ভিলিয়ার্স। ছবি: এএফপি

পারলেন না ভেনাস। অনেক দিন পর আরেকটি ‘অল-উইলিয়ামস’ ফাইনাল দেখার আশায় উন্মুখ হয়ে বসেছিল টেনিস বিশ্ব। কিন্তু সবাইকে হতাশ করলেন ভেনাস উইলিয়ামস। আজ উইম্বলডনের সেমিফাইনালে অ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে গেছেন ৬-৪, ৬-৪ গেমে।
আশা জাগিয়েছিলেন ভেনাস নিজেই। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের ইয়ারোস্লাভা শেভডোভাকে ৭-৬ (৭ /৫),৬-৩ গেমে হারিয়ে উঠে এসেছিলেন সেমিফাইনালে। ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার পর থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সবাই, আবারও দেখা যাবে একটি ‘অল-উইলিয়ামস’ ফাইনাল। ছোট বোন সেরেনা উইলিয়ামস তো আগেই বলে রেখেছিলেন, ‘এটা দারুণ হবে। সে ভালো খেলুক, সেটি সব সময় চাই। তবে যদি আমি ফাইনালে থাকি তবে উল্টোটাই চাইব।’
২২তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখতে থাকা সেরেনা নিজের কাজ করে রেখেছিলেন। আজ সন্ধ্যা ৭টায় শেষ হওয়া প্রথম সেমিফাইনালে রাশিয়ান এলেনা ভেসনিনাকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে উঠে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু নিজের কাজটি করতে পারলেন না ভেনাস। চতুর্থ বাছাই কারবারের কাছে হেরে গেলেন তিনি। তাতে নবমবারের মতো গ্র্যান্ড স্লামে ‘অল-উইলিয়ামস’ ফাইনাল দেখার সুযোগ হাতছাড়া হলো। 

কে জানে শেষবারের মতোই হয়তো! আর ৩৬ বছর বয়সী ভেনাস কী এমন চমক আবার দেখাতে পারবেন? কিংবা সেবারও যে সেরেনা অন্যপ্রান্তের ফাইনালে পৌঁছে যাবেন, সে নিশ্চয়তা তো কেউ দিতে পারছে না। সূত্র: এএফপি।