গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে দুই বছরের মধ্যে প্রথম শিরোপা জিতেছিলেন। আর এই সপ্তাহে জিতলেন বার্সেলোনা ওপেন। টানা দুটি শিরোপা জয়ে যখন সবাই মনে করছেন ‘তিনি ফিরে এসেছেন’, তখনই কোর্টের বাইরে অন্য লড়াই শুরু করলেন রাফায়েল নাদাল। তাঁর এই লড়াই ডোপ কেলেঙ্কারির অভিযোগ থেকে নিজের নির্দোষ প্রমাণের। তাঁর লড়াই অ্যাথলেটদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সুনামহানির বিরুদ্ধেও। এই লড়াইয়ের অংশ হিসেবেই নাদাল তাঁর ক্যারিয়ারের সমস্ত ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বললেন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে (আইটিএফ)।
এর আগে সোমবার ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী রোসেলিন বাশলোর বিরুদ্ধে প্যারিসের এক আদালতে মামলা করেন নাদাল। গত মার্চে বাশলোই অভিযোগ করেছিলেন, ডোপ টেস্টে ধরা পড়ার হাত থেকে বাঁচতেই চোটের অজুহাত দেখিয়ে ২০১২ সালের শেষ ছয় মাস কোর্টের বাইরে ছিলেন নাদাল। বাশলোর বিরুদ্ধে মামলা করার পর আইটিএফকে পাঠানো এক চিঠিতে নাদাল লিখেছেন, ‘আমি জানি প্রতিযোগিতার সময় ও প্রতিযোগিতার বাইরে কতবার আমি ডোপ পরীক্ষার মুখোমুখি হয়েছি। দয়া করে আমার সব তথ্য সবাইকে জানিয়ে দিন। এরপর থেকে যখন আমার পরীক্ষা হবে এবং আপনাদের গবেষণাগারে ফল চূড়ান্ত হবে, সেটিও সবাইকে জানিয়ে দিন। কেউ কোনো ভুল তথ্য ছড়ালে তাঁর বিরুদ্ধে মামলা করতেও বলছি।’
লড়াইটা যে শুধু তাঁর নিজের জন্য নয়, চিঠিতে সেটিও জানিয়েছেন নাদাল, ‘আমাদের খেলাটির বিশ্বে এমন একটা প্রতীক হয়ে ওঠা প্রয়োজন, যেখানে স্বচ্ছতা ও সততা হবে আমাদের আচরণ ও জীবনযাত্রার দুটি মূল স্তম্ভ। আমার মনে হয়, অন্য সবার সঙ্গে মিলে পদক্ষেপ নেওয়ার এখনই সময়।’
আইটিএফ নাদালের চিঠি পাওয়ার কথা স্বীকার করে তাঁর ডোপ পরীক্ষার ফল প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এটা জানিয়ে দিয়েছে, চাইলে নাদাল নিজে তা প্রকাশ করতে পারেন। আইটিএফ সেটি ঠিক কি না নিশ্চিত করবে। এএফপি, রয়টার্স।