'আমি যন্ত্র নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ভ করার আগে রাফায়েল নাদাল একটু বেশি সময় নেন। এটি তাঁর চিরাচরিত অভ্যাস। এ নিয়ে আগে কখনো তাঁকে সতর্ক করা হয়েছিল কি না কে জানে, তবে রোলাঁ গারোয় করা হলো দফায় দফায়! আর এ নিয়ে ভীষণ চটেছেন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন নাদাল।

খেলোয়াড়দের যন্ত্রের মতো দেখা হচ্ছে, আম্পায়ারদের বিরুদ্ধে এমন অভিযোগ স্প্যানিশ তারকার, ‘যদি ভালো খেলা চান, তাহলে তো খেলোয়াড়দের দম ফেলার একটু সময় দিতে হবে। আমরা যন্ত্র নই। আর এটাই আমার বক্তব্য। এর চেয়ে বেশি আমি আর কী বলতে পারি। একটা দুঃখ নিয়েই এটা বলছি আমি। কারণ আমি কোনো সমস্যার সৃষ্টি করতে চাই না।’

চতুর্থ রাউন্ডে স্বদেশি প্রতিপক্ষ রবার্তো বাউতিস্তা অাগুতের বিপক্ষে খেলার সময় প্রথম সেটে একবার সতর্ক করা হয় নাদালকে। এর আগে তৃতীয় সেটেও করা হয়েছে একবার। দ্বিতীয় দফা সতর্ক করার আগে শাস্তি হিসেবে একটা সার্ভিস কেড়ে নেওয়া হয় নাদালের। টেনিসের নিয়মানুযায়ী দুই ম্যাচ পয়েন্টের মধ্যে খেলোয়াড়েরা সর্বোচ্চ ২৫ সেকেন্ড সময় নিতে পারবেন। কিন্তু নাদাল বেশি সময় নিয়েছেন, এই অজুহাতেই নাদালের প্রতি আম্পায়ার কার্লোস রামোসের এই শাস্তি। কিন্তু নাদাল বলছেন, পারিপার্শ্বিকতাও দেখা দরকার আম্পায়ারদের। নাদালের ভাষায়, ‘তত্ত্বগতভাবে আম্পায়াররা এখানে আছেন ম্যাচ বিশ্লেষণের জন্য, ম্যাচে স্টপওয়াচ ব্যবহারের জন্য নয়। স্টপওয়াচের ব্যবহার বড় হয়ে উঠলে সেটা খেলোয়াড়দেরই করা উচিত।’

তবে সব আম্পায়ার নয়, নাদাল ক্ষুব্ধ আম্পায়ার কার্লোস রামোসের ওপর, ‘কিছু আম্পায়ার তাদের মতো করে নির্দেশনা দেয়। আবার বাকিরা অন্যভাবে।’

কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই নাদাল খেলবেন তাঁরই স্বদেশি পাবলো কারেনো বুস্তার বিপক্ষে।

এএফপি, রয়টার্স।