'খেলোয়াড়ের আগে আমি একজন নারী'

‘আমি একজন খেলোয়াড় কিন্তু তার আগে আমি একজন নারী। স্বাভাবিকভাবেই অন্য মেয়েদের মতো আমারও গয়না পছন্দ। একজন খেলোয়াড় মানে এই নয় যে অন্য নারীর মতো আমার কোনো শখ বা ইচ্ছা নেই।’
কথাগুলো ভারতের বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জার। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি উইক-২০১৫ এর উদ্বোধনী দিনে গত সোমবার র্যাম্পে হাঁটেন সানিয়া। পরনে ছিল বেগুনি রঙের শাড়ি ও জাঁকালো গয়না।

তবে এবারই প্রথম নন। এর আগেও র্যাম্পে তিনি হেঁটেছেন। ব্লেনডার প্রাইড ফ্যাশন ট্যুর, ইন্ডিয়ান ব্রাইডাল ফ্যাশন উইক এবং গ্লোবাল ফ্যাশন শো’এর মতো অনেক ফ্যাশন শোতে শো স্টপার ছিলেন তিনি। সানিয়া এই ফ্যাশন উইকে নকশাকার মনি আগরওয়ালের নিজস্ব ব্র্যান্ড ‘জোহরাকশি’র গয়না পরেন।

টেনিস খেলোয়াড়দের জন্য স্বপ্ন উইম্বলডনের শিরোপা জেতা। সবচেয়ে গর্বের গ্র্যান্ড স্লাম এটি। মাত্র কদিন আগে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে নারী দ্বৈতে উইম্বলডন জিতেছেন এই ভারতীয় টেনিস তারকা। এর আগে মিশ্র দ্বৈতে অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ ও ইউএস ওপেন জিতেছেন তিনি। কেবল উইম্বলডনের স্বাদ বাকি ছিল। সেটাও পূর্ণ হয়ে গেল এবার। সূত্র: এনডিটিভি।