'জোকোভিচ' হতে চান না সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষরা সাবধান! নোভাক জোকোভিচের পতনে উজ্জীবিত হয়ে চলতি উইম্বলডনের মহিলা বিভাগেও কেউ যদি বড় অঘটন ঘটাতে চান, তবে সেটি হবে অলীক স্বপ্ন। কোর্টের প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে দিয়ে সেরেনা উইলিয়ামস বলছেন, তিনি জোকোভিচের ভাগ্য বরণ করতে রাজি নন।
তৃতীয় রাউন্ডে জার্মানির আনিকা বেকের বিপক্ষে জয়ের পরই প্রতিপক্ষদের প্রতি আমেরিকান তারকার এই সতর্কতা। আসলে বেকের বিপক্ষে ৬-৩, ৬-০ গেমের ম্যাচটাই সেরেনার আত্মবিশ্বাসের পারদ ওপরে তুলে দিয়েছে। ৫১ মিনিটের এই ম্যাচে সেরেনা ছিলেন পুরোপুরি নিখুঁত। শেষ ১২টি গেমের ১১টিতেই জিতেছেন। দ্বিতীয় সেটে এমনই দাপুটে ছিলেন যে, প্রতিপক্ষ পয়েন্ট নিতে পেরেছেন মাত্র ৪টি। কোর্টে নিজের খেলা নিয়ে সেরেনা এখন আরও সতর্ক। আর এর মূলে আছে তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের অপ্রত্যাশিত হার!
গ্র্যান্ড স্লামে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিলেন জোকোভিচ। গ্র্যান্ড স্লামে খেলেছেন টানা ২৮টি কোয়ার্টার ফাইনাল। সেই জোকোভিচই কিনা হেরে গেলেন অখ্যাত স্যাম কোয়েরির কাছে! নিজের সঙ্গে জোকোভিচের মিলও খুঁজে পাচ্ছেন সেরেনা, ‘আমি যদি জিততে না পারি, এটা বড় খবর। কিন্তু আমি যদি জিতি, সেই খবরটি কোনায় পড়ে থাকে। আমার মনে হয়, সব অ্যাথলেটের মধ্যে শুধু দুজনের ক্ষেত্রেই এটা বলতে পারেন। সে (জোকোভিচ) এবং আমি ইতিহাস গড়েছি। টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছে সে। গত বছর টানা চারটি জিতেছিলাম আমি। এটাকে তো ঐতিহাসিকই বলতে হবে।’
জোকোভিচের পরাজয় বিস্ময় হয়েই এসেছে সেরেনার কাছে, ‘আমি ভেবেছিলাম, নোভাক ঘুরে দাঁড়াবে। সে না পারায় আমি বিস্মিত হয়েছি।’
নিজে এমন বিস্ময়ের জন্ম দিতে চান না সেরেনা!
সেই প্রতিজ্ঞারই প্রতিফলন দেখা গেল কাল কোয়ার্টার ফাইনালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপন করলেন রাশিয়ার সভেৎেলনা কুজনেতসোভাকে ৭–৫, ৬–০ গেমে উড়িয়ে দিয়ে। এএফপি।