'প্রতারক' শারাপোভাকে হারালেন বুশার

বেশি বকবক না করে খেলায় মনোযোগ দেওয়ার জন্য ইউজিনি বুশারকে ‘পরামর্শ’ দিয়েছিলেন মারিয়া শারাপোভা। সেই পরামর্শ বুশার শুনলেন বৈকি! প্রথমবারের মতো হারিয়ে দিলেন শারাপোভাকে। পরশু মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে এই জয় ৭-৫, ২-৬, ৬-৪ গেমে।
শারাপোভা পরামর্শটা দিয়েছিলেন ক্ষিপ্ত হয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার টেনিসে ফেরা শারাপোভাকে যে কয়েক দিন আগেই ‘প্রতারক’ বলেছিলেন বুশার।
গত বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ডোপ টেস্ট হয়েছিল শারাপোভার। যে পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ মেলডোনিয়াম পাওয়া যায়। ওই অপরাধে প্রথমে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। আপিল করলে শাস্তিটা নেমে আসে ১৫ মাসে। সেই নিষেধাজ্ঞা শেষ করেই কয়েক দিন আগে আবার কোর্টে ফিরেছেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছেন স্টুটগার্ট ওপেনে। উঠেছিলেন সেমিফাইনাল পর্যন্ত। তারপর খেলছেন এই মাদ্রিদ ওপেনে।
বিতর্ক তাঁর ফেরা এবং তাঁকে ওয়াইল্ড কার্ড দেওয়া নিয়েই। নোভাক জোকোভিচসহ কয়েকজন অবশ্য স্বাগতও জানিয়েছিলেন ‘মাশা’কে। তবে অ্যান্ডি মারে, ক্যারোলিন ওজনিয়াকি, আগ্নিয়েস্কা রাদভানস্কা, অ্যাঞ্জেলিক কারবার ও ইউজিনি বুশাররা কড়া সমালোচনা করেছেন প্রকাশ্যে। তাঁদের মধ্যে সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন বুশার। শারাপোভাকে শুধু প্রতারকই বলেননি, তাঁকে আজীবন নিষিদ্ধ করা উচিত বলেও মন্তব্য করেছিলেন।
এ নিয়েই লেগে গিয়েছিল দুজনের। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে শারাপোভাও বলেছিলেন, ‘বেশি কথা না বলে বুশারের উচিত নিজের খেলায় মনোযোগ দেওয়া।’ কোর্টে জবাব দেওয়ার পর মুখেও জবাব দিলেন কানাডিয়ান টেনিস তারকা, ‘ম্যাচের আগেই আমি বেশ অনুপ্রাণিত ছিলাম। এমন অনেক খেলোয়াড় আমাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের সঙ্গে আমার সাধারণত কথা হয় না।

টেনিস বিশ্বের অনেকেই আমার পক্ষে ছিলেন। এতেই বোঝা যায়, অনেকেই আমার মতে বিশ্বাসী। হয়তো তাঁরা কথা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু অগোচরে আমি অনেক সমর্থন পেয়েছি। এটাই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি শুধু নিজের জন্যই নয়, ওঁদের জন্যও জিততে চেয়েছি।’
জিততে অবশ্য যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে। ম্যাচটা চলেছে প্রায় তিন ঘণ্টা ধরে। ম্যাচ শেষে শারাপোভার প্রশংসা করতে গিয়েও বুশার আরেকটা খোঁচা মেরেছেন, ‘আমার মনে হয়, তথাকথিত প্রত্যাবর্তনের পর সে ভালোই খেলছে। যদি এটাকে প্রত্যাবর্তন বলেন আরকি!’
ম্যাচের পর হাত মেলাতে গিয়ে দুজনের কী কথা হয়েছে, সেটিও জিজ্ঞেস করা হয়েছিল বুশারকে। ‘সে শুধু বলেছে, ভালো খেলেছ’—জানিয়েছেন বুশার।
শারাপোভা অবশ্য ম্যাচ শেষে আর এসব খোঁচাখুঁচির মধ্যে যাননি। বুশারের সঙ্গে এই কথার লড়াই তাঁকে পারফরম্যান্সে প্রভাব ফেলেনি বলেও দাবি করলেন, ‘আমি তো অনেক বছর ধরে খেলছি। এসবে অভ্যস্ত হয়ে গেছি। এই উত্তেজনা আমার চেনা। এ রকম কথাবার্তা, খোঁচাখুঁচি, দ্বৈরথ সব সময়ই থাকবে। এটা খেলারই অংশ।’
হারের হতাশা তো আছেই। তবে সেই হারটা বুশারের কাছে বলে বাড়তি কোনো আক্ষেপ নেই তাঁর, ‘দিনটা আমার ছিল না। এ জন্য অবশ্যই আমি হতাশ। প্রতিপক্ষ যে-ই হোক, ম্যাচটা প্রথম রাউন্ডের হোক বা গ্র্যান্ড স্লামের ফাইনাল, হেরে যদি আমি বলি যে আমি খুশি, তাহলে বরং নিজেকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাব।’ এএফপি।