'বড় বাধা' পেরোলেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বোন ভেনাসকে হারিয়ে এইমাত্র নিশ্চিত করেছেন ইউএস ওপেনের সেমিফাইনাল। ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে যাওয়া সেরেনা প্রথম অভিনন্দনটা পেলেন বোনের কাছ থেকেই। কাল নিউইয়র্কে l এএফপি
বড় বোন ভেনাসকে হারিয়ে এইমাত্র নিশ্চিত করেছেন ইউএস ওপেনের সেমিফাইনাল। ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে যাওয়া সেরেনা প্রথম অভিনন্দনটা পেলেন বোনের কাছ থেকেই। কাল নিউইয়র্কে l এএফপি

ভেনাস উইলিয়ামসের শেষ ফিরতি শটে বেশ গতি ছিল। উড়ে এসে সেটি পড়ল কোর্টের বাইরে। হাঁটু গেড়ে কোর্টে বসে পড়লেন সেরেনা উইলিয়ামস। মুঠোবন্দী উল্লাস। মনে হলো বহুদিনের অভ্যাস বলেই স্বয়ংক্রিয় ওই প্রতিক্রিয়া। আর দশজন প্রতিপক্ষকে হারানোর পর কোর্টে যে উপচে পড়া উচ্ছ্বাস দেখা যায়, কাল ৬-২, ১-৬, ৬-৩ গেমে জয়ের পর উদ্যাপনে সেটির কেমন যেন একটা ঘাটতি ছিল! কারণটা হয়তো এই—যাঁকে হারিয়ে সেমিতে উঠলেন, তিনি তাঁর বোন। কোর্টে ‘সবচেয়ে কঠিন’ প্রতিপক্ষ হলেও কোর্টের বাইরে তাঁর সবচেয়ে বড় বন্ধু!
হাঁটু সোজা করে উঠে দাঁড়িয়ে নেটের কাছে গেলেন ম্যাচ শেষের আনুষ্ঠানিকতার জন্য—পরস্পরকে জড়িয়ে ধরার সময় উল্টো ভেনাসের মুখেই স্মিথ হাসি, সেরেনার মুখে হাসি নেই। বোনের কানের কাছে মুখ নিয়ে কী যেন বললেন ভেনাস। ‘তাহলে তুমি টুর্নামেন্টটা জিতেই শেষ করো!’—এটাই কি?
বোনের হাতেই ভেনাসের শিরোপা দেখতে চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কোর্টে সেরেনার বিপক্ষে সেরাটাই দিয়েছেন ভেনাস। সেরেনার সঙ্গে পাল্লা দিয়ে জোরালো সার্ভ করেছেন। সেরেনা ২২টি ‘এইস’ করেছেন, তিনি ১৫টি। দ্বিতীয় সেটটা তো একতরফাই জিতলেন। এই ঘাম ঝরানো জয়কে সেমিফাইনালের জন্য সেরেনার আদর্শ প্রস্তুতি বলাই যায়। ম্যাচ শেষে সেরেনার প্রতিক্রিয়াটাও ব্যতিক্রমী হলো, ‘আমার ও ভেনাসের জন্য এটা বড় একটা উপলক্ষ ছিল। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা একে অন্যকে দারুণ একটা ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করেছি।’
পরশুর জয়ে বোনের বিপক্ষে রেকর্ডটা ১৬-১১ হওয়ার পরও বললেন, ‘জীবনে যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে ভেনাসই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আমার দেখা সেরা ব্যক্তিত্বও সে।’ তবে কোর্টে একবার খেলা শুরু হয়ে গেলে ভেনাস সেরেনার কাছে শুধুই প্রতিপক্ষ, ‘ওর বিপক্ষে যখন খেলতে নামি, মনে রাখি না যে, সে আমার বোন। এই পরিস্থিতিতে সেটা আপনার মনে থাকার কথাও নয়।’
দুই বোনের ম্যাচ দেখতে আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন প্রায় ২৪ হাজার দর্শক। যাঁদের মধ্যে ছিলেন কিম কার্দাশিয়ান, অপরাহ উইনফ্রের মতো অন্য ভুবনের তারকারাও। সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ রবার্তা ভিঞ্চি। অবাছাই ইতালিয়ান ভিঞ্চির এটি প্রথম সেমিফাইনাল।
পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জেকোভিচ ও নবম বাছাই মারিন চিলিচ। এএফপি।