'যাযাবর' ব্রাউনের কাছে হার নাদালের

আবারও হারলেন রাফায়েল নাদাল। এবার জার্মানির ডাস্টিন ব্রাউনের কাছে। ৭-৫, ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে নাদালের হারই বৃহস্পতিবার পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন।
অবাছাই জার্মান প্রতিযোগীর কাছে দশম বাছাইয়ের হার বড় অঘটনই। কিন্তু বিস্ময়ের নয়। এ বছর কোর্টে মোটেই ভালো কাটছে না নাদালের। প্রিয় ক্লে কোর্টেও হেরেছেন অখ্যাতদের কাছে। তবে ঘাসের কোর্টে পরশুর পরাজয়টাকে বিস্ময়ের না বলার কারণ আরও আছে। হিসাবটা একটু মিলিয়ে নিন—
* এবারের আগে উইম্বলডনের গত তিন আসরে নাদাল হেরেছেন দ্বিতীয়, প্রথম ও চতুর্থ রাউন্ডে।
* ২০১২, ২০১৩ ও ২০১৪—তিন আসরেই নাদাল হেরেছেন র্যা ঙ্কিংয়ের ১০০, ১৩৫ ও ১৪৪তম খেলোয়াড়ের কাছে।
* এবার দ্বিতীয় রাউন্ডে হারলেন র্যা ঙ্কিংয়ে ১০২ নম্বরে থাকা ব্রাউনের কাছে।
৩০ বছর বয়সী ডাস্টিন ব্রাউন আপনার কাছে অচেনা হতে পারেন, নাদালের কাছে নন। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে তাঁকে পাওয়ার পরই অতীতে ফিরে গিয়েছিলেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। এই তো গত বছরই হ্যালের এটিপি টুর্নামেন্টে তাঁকে হারিয়ে দিয়েছিলেন ব্রাউন। পরশু কোর্টে নামার আগে তাই নাদাল প্রতিপক্ষ সম্পর্ক বলেছিলেন, ‘ও যে কখন কী করবে কেউ জানে না। অন্য ধরনের টেনিস খেলে ও। ম্যাচ কোন দিকে গড়াবে বলা কঠিন।’ যে শঙ্কাটা ছিল নাদালের, ঘটল ঠিক তাই। আবারও হারলেন ব্রাউনের কাছে। ঘাসের কোর্টই, এবার উইম্বলডনে। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কোনো বাছাই প্রতিযোগীর বিপক্ষে প্রথম জয় ব্রাউনের। এটিপি সার্কিটে নাদালের বিপক্ষে তিনি এগিয়ে গেলেন ২-০ ব্যবধানে!
নাদাল-বধের পর পাদপ্রদীপে ব্রাউন। বাবা লে রয় জ্যামাইকার নাগরিক। মা ইনগা জার্মানির। ব্রাউনের বেড়ে ওঠা দুই দেশেই। তবে টেনিস অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় ২০১০ থেকে জার্মানিতেই বসবাস। আর্থিক সচ্ছলতা না থাকায় একসময় পর্যন্ত কোচই ছিল না তাঁর। শুধু কি তাই! ২০০৪ সাল থেকে তিনটি বছর মোটর ভ্যানে করে ইউরোপের এক টুর্নামেন্ট থেকে আরেক টুর্নামেন্টে খেলেছেন। ওই ভ্যানে ছিল র্যা কেটে তার লাগানোর যন্ত্র। যা দিয়ে কিছু আয়ও হতো পরিবারের। টুর্নামেন্ট খেলতে গিয়ে ভ্যানেই হতো রাত যাপন! হোটেল থাকার মতো টাকাই যে ছিল না তাঁর! পরশুর জয়ে ৭৭ হাজার পাউন্ড পাওয়া যাচ্ছে নিশ্চিত।
নাদালের বিপক্ষে কোর্টে খুবই আক্রমণাত্মক ছিলেন জটা চুলের ব্রাউন। তাঁর বিদ্যুৎ গতির নড়াচড়া আর শক্তিশালী সার্ভ সামলাতে হিমশিম খেতে হয়েছে সাবেক ১ নম্বর নাদালকে। ১৩টি এইস আর ৫৮ উইনারই বলছে ম্যাচে কতটা গতিশীল ছিলেন ব্রাউন। তবে ম্যাচ শেষে ভাগ্যবানই ভাবছেন নিজেকে, ‘ভাগ্যিস ঘাসের কোর্টে খেলা ছিল। আমার খেলাটাই তঁার খেলাটা খেলতে দেয়নি তঁাকে (নাদালকে)।’
ব্রাউনের জয়ের দিনে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে, জো-উইলফ্রায়েড সোঙ্গারা। মহিলা বিভাগে জিতেছেন ক্যারোলিন ওজনিয়াকি, পেত্রা কেভিতোভা, অ্যাঞ্জেলিক কেরবাররা। তথ্যসূত্র: এএফপি।