'লড়াকু' মায়ের টিটি-কন্যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মেয়ে সুমাইয়া (বাঁয়ে) ও সাদিয়াই এমন হাসি ফোটায় মায়ের মুখে l প্রথম আলো
দুই মেয়ে সুমাইয়া (বাঁয়ে) ও সাদিয়াই এমন হাসি ফোটায় মায়ের মুখে l প্রথম আলো

টেবিল টেনিস খেলা চলছে, পাশে চুপচাপ বেস শাহনাজ পারভীন। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামের টিটি টেবিলে সমানে লড়ছিল দুই মেয়ে সুমাইয়া রহমান (মীম) ও সাদিয়া রহমান (মৌ)। আসল লড়াইটা অবশ্য শাহনাজেরই, মেয়েদের খেলোয়াড় বানাতে লড়াই করে চলেছেন এই মা।
টিটির সূতিকাগার নড়াইলের মেয়ে সুমাইয়া ও সাদিয়া। বাবা মতিয়ার রহমান ছিলেন নড়াইল সদর হাসপাতালের স্টোরকিপার। ২০০৩ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পক্ষাঘাতগ্রস্ত হয়ে কিছুদিন পর চাকরিটাও হারান। এর পর থেকেই জীবনযুদ্ধ চলছে শাহনাজের। স্বামীকে সুস্থ করতে ও সংসার চালাতে গিয়ে সব জমিজমা বেচতে হয়েছে। যে বয়সে মনের আনন্দে টিটি খেলার কথা দুই মেয়ের, সেই বয়সে টিটি হয়ে পড়েছে সংসার চালানোর একমাত্র অবলম্বন!
মহানগর টিটি লিগে সুমাইয়া ও সাদিয়া এবার খেলেছেন উত্তরা ক্লাবের জার্সিতে। ক্লাব তৃতীয় হওয়ায় সে কি কান্না সাদিয়ার! নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সাদিয়া অভিজ্ঞ শারমিন ও নাঈমাকে টানা দুই ম্যাচে হারিয়ে আলাদা নজর কেড়েছেন সবার।
ক্রিকেট, ফুটবলের বাইরে কম জনপ্রিয় খেলাগুলোকে পেশা হিসেবে নেওয়ার মতো স্বপ্ন বা সাহস কোনোটাই নেই বাংলাদেশের খেলোয়াড়দের। কিন্তু এতটুকুন বয়সেই পেশাদার বনে গেছে সুমাইয়া-সাদিয়া। ফেডারেশনের বাধ্যবাধকতা নেই বলে ঢাকা, রাজশাহী, নওগাঁ বা রংপুরের হয়ে খেলে বিভিন্ন টুর্নামেন্টে। গত ফেডারেশন কাপে গিনেস রেকর্ডধারী জোবেরা রহমান লিনুর দল লিনুস ড্রিম টিমে খেলেছেন দুই বোন। সুমাইয়া টিটিতে জাতীয় আন্তস্কুলের বর্তমান চ্যাম্পিয়ন। সাদিয়া জুনিয়রে রানারআপ। ও হ্যাঁ, আরও একটা পরিচয় আছে—সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সোনম সুলতানা সোমার খালাতো বোন ওরা।
বিভিন্ন টুর্নামেন্টের টাকা পেয়েই মায়ের হাতে দেয় দুই বোন। কিন্তু অঙ্কটা সামান্য। এবার উত্তরা ক্লাব প্রতিদিনের খাবার বাবদ দিয়েছে ৪০০ টাকা করে। এর বাইরে নড়াইল থেকে ঢাকা আসা-যাওয়ার জন্য প্রত্যেকের বরাদ্দ এক হাজার ৪০০ টাকা। ক্লাবের সাফল্যে মেলে বাড়তি কিছু।
এত কষ্টের পরও মেয়েদের দেশসেরা টিটি খেলোয়াড় দেখতে চান শাহনাজ, ‘ওদের বাবাও আমি, মা-ও আমি। ওদের অসুস্থ বাবাকে সামলে অনুশীলন আর খেলায় নিয়ে আসতে অনেক কষ্ট হয়। তবু মেয়েদের দেশসেরা বানানো আমার স্বপ্ন।’
টিটি-কন্যাদের ‘অলরাউন্ডার’ বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। নবম শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া পিএসসি ও জেএসসিতে পেয়েছে জিপিএ-৫। সংগীতশিল্পী হিসেবে জাতীয় শিশু প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন। আর সাদিয়া নৃত্যে ব্রোঞ্জ জিতেছে বিভাগীয় পর্যায়ে।
জীবনসংগ্রামে কখনো ক্লান্ত হয়ে গেলে এসবই আবার লড়ে যাওয়ার শক্তি জোগায় শাহনাজ পারভীনকে।