'সেলফি' আর 'পোশাকে' বিব্রত ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন অদ্ভুত রঙের পোশাক গায়ে চাপিয়েই ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ফেদেরার ছবি: এএফপি
এমন অদ্ভুত রঙের পোশাক গায়ে চাপিয়েই ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ফেদেরার ছবি: এএফপি

ফ্রেঞ্চ ওপেন শুরু হতে না হতেই ‘বিক্ষুব্ধ’ ও ‘বিব্রত’ রজার ফেদেরার। বিব্রত তাঁর পোশাকের কারণে। আর বিক্ষুব্ধ লাল কোর্টের এই গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার নিরাপত্তা ব্যবস্থায়।
কলম্বিয়ার আলেসান্দ্রো ফালার বিপক্ষে জয়ের আনুষ্ঠানিকতা সারার সঙ্গে সঙ্গেই এক দর্শক দৌড়ে ফিলিপ শাতিয়ের কোর্টে প্রবেশ করেন। বিস্ফোরিত নয়নে ফেদেরার দেখেন ওই দর্শক পকেটের স্মার্টফোনটি বের করে তাঁর সঙ্গে সেলফি তুলতে উদ্যত। সেলফিটা অবশ্য তাঁকে তুলতে হয়নি, তাঁর আগেই ওই দর্শককে জাপটে ধরে কোর্ট থেকে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা। কিন্তু পুরো ঘটনাটিতে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি। অভিযোগ করেছেন প্রতিযোগিতার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে, ‘অনুশীলনের সময়ও কয়েকজন দর্শক আমার কাছে চলে এসেছিল। অটোগ্রাফ, সেলফি—ইত্যাদি আবদার জুড়ে দিয়েছিল। কিন্তু মূল প্রতিযোগিতায় যখন গ্যালারি থেকে দৌড়ে কোনো দর্শক কোর্টে ঢুকে পড়ে, তখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতেই হয়।’
২০০৯ সালেও রোঁলা গাঁরোতে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ফেদেরার। গ্যালারি থেকে এক ভক্ত এই ফিলিপ শাতিয়ের কোর্টে প্রবেশ করেই ফেদেরারের মাথায় একটি হ্যাট চাপিয়ে দিয়েছিলেন। আপাতদৃষ্টিতে ব্যাপারটা ছিল কৌতুককর। কিন্তু অঘটন কিন্তু বলে-কয়ে ঘটে না।
এবারের ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম খেলাতেই ফেদেরার দর্শকদের দৃষ্টি কেড়েছেন নিজের কিম্ভুত রঙের পোশাক দিয়ে। বেগুনি রঙের গেঞ্জির সঙ্গে ক্যাটক্যাটে কমলা রঙের শর্টস। রোঁলা গাঁরোর গ্যালারির একেবারে শেষপ্রান্ত থেকেই তা দৃষ্টি কাড়ছিল সকলের। প্রিয় টেনিস তারকার এমন রং-রুচি ভক্তদের যথেষ্ট বিব্রত করেছে। ব্যাপারটা পত্র-পত্রিকার আলোচনার খোরাক হওয়ায় বিব্রত খোদ সুইস তারকাই।
টুইটারে ফেদেরারের পোশাক নিয়ে অনেকেই ফোড়ন কেটেছেন। অনেকেই বলছেন, ফেদেরারের শিশু সন্তানেরাও যদি বাবার যদি পোশাক বেছে দিত, তাহলে তাদের রং-রুচি এতটা খারাপ হতো না। সমালোচনায় বিদ্ধ ফেদেরারের পোশাক স্পনসর নাইকিও। প্রতিষ্ঠানটি টাইম মেশিনে করে ১৯৮৭ সালের আন্দ্রে আগাসিকে এবারের ফ্রেঞ্চ ওপেনে নিয়ে আসতে চাচ্ছে কিনা এমন কথাও কিন্তু যথেষ্ট চাউর। সূত্র: এএফপি।