প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ডি মারে ব্রিটিশ। অলিম্পিক বা অন্য কোনো প্রতিযোগিতায় তাঁকে খেলতে হয় ব্রিটেনের হয়ে। সেটাই হওয়ার কথা, চাইলেও জন্মভূমি স্কটল্যান্ডের হয়ে খেলতে পারছেন না। কিন্তু মারে নিজেকে কী মনে করেন, স্কটিশ না ব্রিটিশ? ২০০৬ সালে একবার দুষ্টুমি করে উত্তরটা দিয়েছিলেন, ‘নির্ভর করে আমি জিতছি না হারছি’। তখন রসিকতা করে বললেও মারে এবার কিন্তু সিরিয়াস। জানিয়েছেন, সামনে খেলতে চান স্কটল্যান্ডের হয়ে। কিন্তু কীভাবে খেলবেন, দেশটি তো খেলে ব্রিটেনের অধীনে! সামনেই অবশ্য ইচ্ছাপূরণ হতে পারে। ১৮ সেপ্টেম্বর স্বাধীনতার প্রশ্নে গণভোট হবে স্কটল্যান্ডে। এরপর যদি স্কটল্যান্ড স্বাধীন হয়, তাহলে মারে চোখ বন্ধ করে স্কটল্যান্ডকেই বেছে নেবেন। কে জানে, ২০১৬ রিও অলিম্পিকেই হয়তো মারে জন্মভূমির হয়ে পদক গলায় পরতে পারবেন! এএনআই।