আমি শেষ হয়ে যাইনি, বললেন ফেদেরার

রজার ফেদেরার সর্বশেষ টেনিসের বড় কোনো শিরোপা জিতেছিলেন তিন বছর আগে। ২০১২ সালের উইম্বলডন জেতার পর বড় প্রতিযোগিতায় শিরোপা-শূন্য এই সুইস টেনিস তারকা। ৩৩ বছর বয়স পেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সুযোগ এসেছিল তাঁর ১৭ গ্র্যান্ড স্লাম পালকের সঙ্গে নতুন আরেকটি পালক যুক্ত করার। কিন্তু রোববার নোভাক জকোভিচের কাছে হেরে সেই স্বপ্ন ভূলুণ্ঠিত হয়ে গেছে বড় করুণভাবেই। কিন্তু তাতে কি, ফেদেরার নিজে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো শেষ হয়ে যাননি।
অনেকেই অনেক কিছু ভাবছেন। কেউ কেউ ভাবছেন রোববার উইম্বলডনের ফাইনালটি ছিল ফেদেরারের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। এবারের উইম্বলডনে তাঁর নৈপুণ্য আশাবাদী করেছিল অনেককেই। কিন্তু নিজের দশম উইম্বলডন ফাইনালে রেকর্ড অষ্টম শিরোপাটি হাতছাড়া হওয়ার পর ওই আশাবাদীরাই এখন মুখ লুকাচ্ছেন। বলছেন, নাহ্, ফেদেরারের বোধ হয় আর কোনো আশাই রইল না।
কিন্তু ফেদেরার নিজে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণই চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই উইম্বলডনে তাঁর ফর্ম, সেমিফাইনালে অ্যান্ডি মারের বিপক্ষে তাঁর দাপুটে জয়, ফাইনালের প্রথম দুই সেটে দাপুটে পারফরম্যান্স—এ সবই তাঁকে আবার আশায় বুক বাঁধতে অনুপ্রাণিত করছে। মনে মনে বল পাচ্ছে এই ভেবে যে এখনো তাঁর দেওয়ার আছে অনেক কিছুই।
ফাইনালে হারের পর এই ‘শেষ হয়ে যাওয়া’র শঙ্কাকে তিনি উড়িয়ে দিলেন চমৎকার সব ফোরহ্যান্ড শটেই, ‘আমি বিশ্বের এক নম্বর খেলোয়াড়টির কাছে হেরেছি। খুব সম্ভবত এই একটি খেলোয়াড়ের কাছে হারের লজ্জা খুব সীমিত। তবে আমি মনে করি, এই হারটা হারা আমার উচিত হয়নি। এই হার স্বাভাবিক নয়। কিন্তু একটি জিনিস সবার মনে রাখা উচিত, এই জকোভিচকেই কিন্তু আমি অনেক বার হারিয়েছি। তাঁকে হারাতে পারে, এমন অল্প কিছু খেলোয়াড়ের একজন আমি।’
ফাইনাল নিয়ে খুব অসন্তুষ্টও নন ফেদেরার। নিজের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি, ‘ফাইনালে সবাই একটি রুদ্ধশ্বাস লড়াই দেখেছে। এই লড়াইয়ে আরেক কিছুই হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত আমি জিততে পারিনি। আমি আমার খেলা নিয়ে অখুশি হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
একটি খেদোক্তি দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেছেন ফেদেরার, যে খেদোক্তিতেই আসলে পরিষ্কার হয়ে গেছে তাঁর আক্ষেপটা, ‘আমি এবারের উইম্বলডনটা দারুণ খেলেছি। একেবারে নিজের মতো করেই খেলেছি। কিন্তু অনেক সময় পুরো প্রতিযোগিতায় ভালো খেলেও জয়ী হওয়া যায় না।’ সূত্র: এএফপি।