সেঞ্চুরিহীন এক হাজার দিন–রাতের গল্প

বিরাট কোহলি—সেঞ্চুরি ছাড়া ১০০১ দিন!এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দুদিন আগে—১৮ আগস্ট ভারতের হয়ে তাঁর প্রথম মাঠে নামার ১৪ বছর পূর্তি হয়েছে। বিশেষ সেই দিনকে বিশেষভাবেই স্মরণ করেছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘১৪ বছর আগে এই যাত্রা শুরু হয়েছিল। ভারতের হয়ে খেলাটা সম্মানের।’

আন্তর্জাতিক অভিষেকের ১৪ বছর পূর্তির দিনটি কোহলির মনে ছিল। থাকারই কথা। প্রতিবছরই এই দিনটি আসে, আর কোহলির মনে পড়ে যায় ২০০৮ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে প্রথম ভারতকে প্রতিনিধিত্ব করার সেই অনির্বচনীয় অনুভূতি। কিন্তু এ বছর এই দিনটি যে তাঁর ক্যারিয়ারে বাড়তি একটা তাৎপর্য নিয়ে হাজির হয়েছে, তা কি মনে ছিল কোহলির? হয়তো ছিল, হয়তো না। মনে থাকলেও সেটির কোনো প্রকাশ দেখা যায়নি। কারণটা তো অনুমেয়ই। বিষয়টা যে অস্বস্তিকর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পূর্তির দিনটি কাকতালীয়ভাবে মিলে গেছে বিরাট কোহলির সেঞ্চুরিহীন ১০০০তম দিনের সঙ্গে।

আরও পড়ুন

একসময় সেঞ্চুরি করাটাকে খাওয়া-ঘুমানোর মতো অভ্যাস বানিয়ে ফেলা কোহলির সর্বশেষ সেঞ্চুরি নিয়ে এত লেখা হয়েছে যে, তা মনে হয় সবার মুখস্থই হয়ে গেছে। ২০১৯ সালে ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ‘গোলাপি টেস্টে’র ১৩৬–এর কথা মনে হলে কোহলিরও নিশ্চয়ই দীর্ঘশ্বাস পড়ে। এরপর তিন সংস্করণ মিলিয়ে ৭৯টি ইনিংস খেলে ফেলেছেন, সেঞ্চুরি আর পাওয়া হয়নি।

২২ নভেম্বর ২০১৯/: আন্তর্জাতিক ক্রিকেটে যখন সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি, ইডেনে বাংলাদেশের বিপক্ষে
এএফপি

সম্ভাবনা জেগেছে অনেকবার, তবে আসি আসি বলেও সেঞ্চুরি আর আসেনি। অথচ কলকাতার ওই সেঞ্চুরির পরের ইনিংসেই তা পেয়ে গিয়েছিলেন প্রায়। যদিও তা ছিল টি–টোয়েন্টিতে। ২০১৯ সালের ডিসেম্বরে ওই ইনিংসে কোহলি অপরাজিত ছিলেন ৯৪ রানে। এর কিছুদিন পরই সম্ভাবনা জাগিয়েছিলেন টেস্ট সেঞ্চুরিরও। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডের ওই টেস্টে রানআউট হয়ে যান ৭৪ রানে। ২০২২–এর জানুয়ারিতে কেপটাউন টেস্টে সঙ্গী পেলেও হয়তো সেঞ্চুরি–খরাটা এমন দীর্ঘ হয় না। ৭৯ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান কোহলি। ওয়ানডেতেও সুযোগ এসেছিল কয়েকবার, তবে নিজের দোষেই সেগুলোকে তিন অঙ্কে নিতে পারেননি। এ সময়ে তিন সংস্করণ মিলিয়ে ২৪টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস, অথচ প্রতিটিই দীর্ঘশ্বাসের গল্প।

আরও পড়ুন

সেঞ্চুরিহীন এই হাজার দিন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে কোহলির ক্যারিয়ারে। এই সময়ে কোহলি টেস্ট খেলেছেন ১৮টি, যেখানে তাঁর গড় মাত্র ২৭.২৫। এর আগে খেলা ৮৪ টেস্টে যা ছিল প্রায় ৫৫। ওয়ানডে খেলেছেন ২৩টি, গড় ৩৫.৮২। এর আগের ২৩৯ ওয়ানডেতে যেখানে তাঁর গড় ছিল ৬০.৩১। তবে টি–টোয়েন্টিতে এ সময়ে তাঁর ব্যাট আগের মতোই হেসেছে। ২৭টি টি–টোয়েন্টিতে রান করেছেন ৫০ গড়ে।

বিরাট কোহলির এই বাজে সময়টাকে কাজে লাগিয়েছেন তাঁর সমসাময়িক কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান। জো রুট, স্টিভ স্মিথ আর কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁকেও যোগ করে যে ‘ফ্যাব ফোর’, তাতে কোহলিকে কিছুটা হলেও এগিয়েই রাখা হতো। তবে সেঞ্চুরিহীন হাজার দিনে দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। এখন ‘ফ্যাব ফোর’–এ প্রথম নামটাই আসে জো রুটের। কোহলির ২৭তম ও সর্বশেষ টেস্ট সেঞ্চুরির সময় রুটের টেস্ট সেঞ্চুরি ছিল মাত্র ১৬টি। এরপর কোহলির যেখানে একটাও সেঞ্চুরি নেই, রুট করে ফেলেছেন ১২টি সেঞ্চুরি। শুধু কোহলি নয়, ছাড়িয়ে গেছেন ‘ফ্যাব ফোর’–এর বাকি দুজনকেও।

সাম্প্রতিক সময়ে কোহলি ফিরছেন এভাবেই!
এএফপি

সাদা বলের ক্রিকেটে অবশ্য এই চারজনের বাইরে থেকে উঠে এসেছেন অন্য একজন—পাকিস্তানের বাবর আজম। কোহলির সেঞ্চুরি–খরার সময়ে ২৩টি ওয়ানডেতে কোহলির গড় যেখানে ৩৫.৮২, স্ট্রাইক রেট ৮৭.৯৪; সেখানে ১৭ ওয়ানডেতে বাবর আজমের ব্যাটিং গড় অবিশ্বাস্য ৮০.৯৩। সেটিও ৯৯.৯১ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে ৬টি।

আরও পড়ুন

কোহলির দুঃসময় নিয়ে কত রকম কথাই না হয়েছে! হচ্ছে এখনো। এই করলে ফর্মে ফিরবে, ওই করলে রান পাবে—পরামর্শ দিয়েই যাচ্ছেন সাবেকরা। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার তো একবার বললেন, কোহলির সঙ্গে তিনি যদি ২০ মিনিট কথা বলার সুযোগ পেতেন, তাহলেই কোহলিকে বাজে ফর্ম থেকে বেরিয়ে আসার উপায়টা বাতলে দিতে পারতেন। এমন আরও অনেক কথাই শোনা গেছে এ সময়ে। শুধু ভারতীয় সংবাদমাধ্যমই নয়, ক্রিকেট–দুনিয়ার যেকোনো সংবাদমাধ্যমেই কোহলি রীতিমতো প্রতিদিনের ‘আইটেম’। এমন প্রশ্নও উঠেছে, ক্রিকেট ইতিহাসে আর কোনো ক্রিকেটারের ফর্ম এমনভাবে আতশি কাচের নিচে পড়েছে কি না। সবারই মনে কৌতূহল—কবে ফর্মে ফিরবেন কোহলি, কবে দেখা যাবে আগের সেই ঝলক।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি কোহলির। বছর তিনেক আগেও মনে হচ্ছিল, ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড তিনি ভেঙে ফেলবেন, এমনকি শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ডও। তবে শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া এখন কষ্টকল্পনাই মনে হচ্ছে। একটা সেঞ্চুরি পেতেই এখন যেমন ব্যগ্র কোহলি, তাতে ১০০ সেঞ্চুরির স্বপ্ন তিনি নিজেও আর দেখছেন বলে মনে হয় না।

আপাতত বিশ্রামে থাকলেও ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরছেন কোহলি। এই টুর্নামেন্ট দিয়েই কোহলি রানে ফিরতে পারেন, তবে সেঞ্চুরিহীন এই অমানিশা না কাটার সম্ভাবনাই বেশি। এবারের এশিয়া কাপ টি–টোয়েন্টির এশিয়া কাপ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তো এখনো কোনো সেঞ্চুরিই করতে পারেননি কোহলি।