নতুন নিয়মে শুরু হচ্ছে নতুন টি–টুয়েন্টি লিগ, খেলবেন ম্যাক্সওয়েল, ক্লাসেনরা

ইউরোপিয়ান টি–টুয়েন্টি প্রিমিয়ার লিগ শুরু হবে আজএক্স

টি–টুয়েন্টি ক্রিকেটের মানচিত্রে যোগ হচ্ছে আরও একটি লিগ। আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান টি–টুয়েন্টি প্রিমিয়ার লিগ। ইউরোপের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন এ অধ্যায়ে থাকছেন বিশ্ব ক্রিকেটের একঝাঁক পরিচিত তারকা।

ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথরা এই টুর্নামেন্টে খেলবেন। নতুন এই লিগ কেমন, কারা খেলছেন, কী এর ফরম্যাট—জেনে নেওয়া যাক।

প্রথম ম্যাচ কখন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। ম্যাচটি হবে নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে এ ম্যাচ।

ম্যাচসংখ্যা কত, চলবে কত দিন

ছয় দলের এই প্রতিযোগিতা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ম্যাচ ৩২টি। এর মধ্যে লিগ পর্বে ম্যাচ ৩০টি। ১৯ সেপ্টেম্বর হবে কোয়ালিফায়ার। ফাইনাল ২০ সেপ্টেম্বর। প্রথম ১৭টি ম্যাচ হবে ভুরবার্গে। এরপর লিগের বাকি ম্যাচ, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে আয়ারল্যান্ডের ডাবলিনে মালাহাইডে।

কীভাবে হবে লড়াই

লিগ পর্বে ছয় দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় দল খেলবে কোয়ালিফায়ার। সে ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ দলের।

তিন দেশ থেকে ছয় ফ্র্যাঞ্চাইজি

নেদারল্যান্ডস থেকে আছে আমস্টারডাম ফ্লেমস ও রটারডাম ডকার্স। আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করছে ডাবলিন গার্ডিয়ানস ও বেলফাস্ট উলভস। স্কটল্যান্ড থেকে খেলছে এডিনবরা ক্যাসল রকার্স ও গ্লাসগো কসমিক।

আরও পড়ুন

ছয় দল, ছয় অধিনায়ক, কারা আছেন

আমস্টারডাম ফ্লেমস—স্কট এডওয়ার্ডস
নেদারল্যান্ডসের উইকেটকিপার ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস নেতৃত্ব দেবেন আমস্টারডামকে। দলে আছেন স্টিভ স্মিথ, টিম ডেভিড ও অজিঙ্কা রাহানের মতো তারকা।

রটারডাম ডকার্স—ফাফ ডু প্লেসি
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির নেতৃত্বে খেলবে রটারডাম। দলে আছেন হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া ও ডেভিড ভিসা।

বেলফাস্ট উলভস—গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বেলফাস্টের অধিনায়ক। তাঁর সঙ্গে আছেন ডেভন কনওয়ে, ডেভিড মিলার, পল স্টার্লিং ও ক্রিস জর্ডান।

ইউরোপিয়ান টি–টুয়েন্টি প্রিমিয়ার লিগের ৬ অধিনায়ক
এক্স

ডাবলিন গার্ডিয়ানস—রবিচন্দ্রন অশ্বিন
ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নেতৃত্ব দেবেন ডাবলিনকে। দলে আছেন জেমস ভিন্স, ড্যারিল মিচেল, জশ লিটল ও বিজয় শঙ্কর।

ডাবলিনের সঙ্গে ভারতের যোগ অবশ্য আরও বড়। দলটির সহমালিকদের একজন রাহুল দ্রাবিড়। সাবেক ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আছেন কোচিং স্টাফে।

এডিনবরা ক্যাসল রকার্স—মিচেল স্যান্টনার
নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনারের নেতৃত্বে খেলবে এডিনবরা। দলে আছেন ট্রেন্ট বোল্ট, টম কারান, লরি ইভান্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন।

গ্লাসগো কসমিক—জর্জ মানসি
স্কটল্যান্ডের জর্জ মানসি নেতৃত্ব দেবেন গ্লাসগোকে। দলে আছেন লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, জিমি নিশাম, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

আরও পড়ুন