বিশ্বকাপে এবার নিঃসঙ্গ রাত কাটবে মেসির
বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তাঁর। কথা ছিল, লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে লড়বেন ৩৬ বছর পর আবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে। তবে বিশ্বকাপের এক বছর আগে সের্হিও আগুয়েরোর স্বপ্ন ভাঙে হৃদ্রোগে আক্রান্ত হয়ে। বিশ্বকাপ তো বটেই, ফুটবলকেই বিদায় বলে দিতে হয়েছে আর্জেন্টাইন তারকাকে। আগুয়েরোকে হারিয়ে সঙ্গীহীন হয়েছেন মেসিও।
জাতীয় দলের হয়ে বিদেশ সফরে আগুয়েরোর সঙ্গে একই ঘরে যে থাকতেন মেসি! আগুয়েরো না থাকায় এবারের বিশ্বকাপে তাই একাই থাকছেন মেসি। পিএসজি তারকার একক কক্ষে থাকার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে।
গতকাল বিশ্বকাপ অভিযানে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন মেসিরা। ইউনিভার্সিটি অব কাতারে নিজেদের ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা দল। সেখানে সব খেলোয়াড় কক্ষ ভাগাভাগি করে থাকলেও মেসি থাকছেন একা।
অনেক দিন ধরেই জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে গেলে মেসির সঙ্গে একই ঘরে থাকতেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরো। তবে আগুয়েরো অবসর নেওয়ার পর এখনো নিজের জন্য অন্য কোনো সঙ্গী বেছে নিতে পারেননি মেসি। যে কারণে এবার একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
আগুয়েরোর আগে মেসির সঙ্গে একই কক্ষে থাকতেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হোটেলে একই কক্ষে থেকেছেন মেসি ও ভেরন। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার বিদায়ের পর সে জায়গা নিয়েছিলেন আগুয়েরো।
এমন নয় যে জাতীয় দলে মেসির আর কোনো বন্ধু নেই। দলের সতীর্থদের সঙ্গে মেসির সম্পর্ক বরাবরই উষ্ণ। তবে রাতে থাকার জন্য মেসির বিশেষ কিছু পছন্দের কথা শোনা যায়।
যেমন গত বছর কোপা আমেরিকা চলাকালে কয়েকজন সতীর্থ জন্মদিন উদ্যাপন করতে এসেছিলেন মেসির ঘরে। একপর্যায়ে ঘুমানোর জন্য সেই সতীর্থদের বিনয়ের সঙ্গে চলে যেতে বলেন মেসি। এতে বোঝা যায়, একটু নির্জন পরিবেশেই ঘুমাতে পছন্দ করেন আর্জেন্টিনার অধিনায়ক।