সাফজয়ী ওঁরা ২৩ জন
সিরাত জাহান
সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান
সাবিনা খাতুনের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে নামতে পারতেন সিরাত জাহানও। কিন্তু চোটের কারণে নেপালের বিপক্ষে ফাইনালে খেলতে পেরেছেন মাত্র ১৩ মিনিট। গ্রুপ পর্বেও একই কারণে বেশির ভাগ ম্যাচে পুরো সময় খেলতে পারেননি। তারপরও ৪ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সিরাত।
সিরাতের মূল শক্তি তাঁর গতি। এই গতিতেই আতঙ্ক ছড়ান প্রতিপক্ষের রক্ষণভাগে। ২০১৮ সালে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের জালে ১৭ গোল দেয় বাংলাদেশ। ওই ম্যাচে একাই ৬ গোল করেন সিরাত। মেয়ে ফুটবল নিয়ে মেতে থাকায় প্রতিবেশীদের সমালোচনা সইতে না পেরে মা সিরাতকে বিয়ে দিতে চেয়েছিলেন। তা হতে দেননি রংপুরের কোচ হারুন অর রশীদ। অনেক বুঝিয়ে–সুজিয়ে মায়ের কাছ থেকে আবারও ফুটবল খেলার অনুমতি নিতে পেরেছিলেন ‘হারুন স্যার।’
সিরাতেরও ফুটবলে হাতেখড়ি বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে। রংপুর পালিচড়া সরকারি বিদ্যালয় ২০১১ সালে বঙ্গমাতা ফুটবলে রানার্সআপ হয়। পরের বছর চ্যাম্পিয়ন, যাতে সিরাতের বড় ভূমিকা। ২০১৪ সালে নীলফামারীতে প্লান-জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের বাছাই ক্যাম্প থেকে সরাসরি অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী দলে ডাক পান সিরাত। এরপর খেলেছেন এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিক বাছাইপর্ব পর্যন্ত। জাতীয় দলের হয়ে সিরাতের গোল ১০টি। প্রথম আলো কাড়েন ২০১৬ শিলিগুড়ি সাফে। সেবার করেন ৫ গোল, যার মধ্যে ছিল মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক।