। দক্ষিণ আফ্রিকা আসলেই এক নম্বর
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এ ধরনের ভাবসম্প্রসারণ গ্রায়েম স্মিথরা স্কুলে পড়েছেন কি না, কে জানে। তবে এই আপ্তবাক্য ভালোই জানা আছে তাঁদের। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়েই তাঁরা তৃপ্ত নন। সেই দুর্গ রক্ষা করার জন্য যথেষ্ট কামান আর গোলাবারুদও মজুত আছে।মাইকেল ক্লার্ককে টপকে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে হাশিম আমলা। আগে থেকেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর। পাঁচ বছর পর এই প্রথম টেস্ট-ওয়ানডে দুটিতেই এক নম্বর কোনো ব্যাটসম্যান। টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দশে আছেন ডি ভিলিয়ার্স ও ক্যালিস। বোলিংয়ে এক-দুই স্টেইন ও ফিল্যান্ডার। নয়ে আছেন মরনে মরকেলও। টেস্টের শীর্ষ অলরাউন্ডারও ক্যালিস। এসব ব্যক্তিগত সাফল্যের ফুল দিয়ে মালা গেঁথেই দক্ষিণ আফ্রিকা এখন টেস্টের এক নম্বর দল।জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ২১১ রানের জয়টি দক্ষিণ আফ্রিকার ধারাবাহিকতারই সাক্ষী। টানা চতুর্থ জয় পাওয়া দলটি গত ১৩ টেস্টে অপরাজিত। ১৪ মাসের মধ্যে তিনবার প্রতিপক্ষকে ৫০ রানের নিচে গুটিয়ে ফেলার কীর্তিও আছে তাদের। শীর্ষে ওঠার প্রতিক্রিয়ায় আমলা যা বলেছেন, তাতে হয়তো স্বভাবসুলভ বিনয় মিশে আছে। তবে কথাটা মন্দও বলেননি, ‘আমাদের জন্য দারুণ একটা সময় কাটছে। সত্যি বলতে কি, আমি এখনো মনে করি না, আমিই এই দলের সেরা ব্যাটসম্যান। আমাদের জন্য সবচেয়ে তৃপ্তির ব্যাপার হলো দলের প্রত্যেকে ব্যাটে-বলে অবদান রাখছে। গত কয়েক বছরে আমাদের সাফল্যের এটাই আসল রহস্য।’ স্টেইনও আমলার কথার প্রতিধ্বনি তুললেন, ‘এই মুহূর্তে আমরা দারুণ উজ্জীবিত। আমরা শুধু বেশ কবার প্রতিপক্ষকে ৫০ রানের মধ্যে গুটিয়ে ফেলিনি, রানের পাহাড়ও গড়েছি। এই দল যখন মনপ্রাণ ঢেলে খেলে, তখন বিপক্ষে খেলাটা খুব কঠিন।’সুসময় মানুষকে নতুন প্রেরণা এনে দেয়, যে কারণে ৩৭ বছর বয়সে নিজের ১৭তম আন্তর্জাতিক মৌসুমে ক্যালিস বলেন, খেলাটা তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উপভোগ করছেন। দক্ষিণ আফ্রিকার এই অজেয় রূপের জন্য আসল কৃতিত্বটা পাবেন গ্রায়েম স্মিথ। ইতিহাসের অভিজ্ঞতম টেস্ট অধিনায়কই তো বের করে এনেছেন দলের খেলোয়াড়দের সেরাটা। এএফপি।