অ ন্য ক লা ম
অন্য ভুবনেগত দুই বছরে কী কী জিতেছেন মারিয়া শারাপোভা? মাথা চুলকানোর দরকার নেই। প্রশ্নটা শারাপোভাকে করলে তিনি নিজেই লজ্জা পাবেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর প্রায় দুই বছরে আর একটিই শিরোপা তাঁর। টোকিওর প্যান প্যাসিফিক ওপেনে। দুঃস্বপ্নের এই দুটো বছরে র্যাঙ্কিংয়ের তলানিতে নামতে নামতে এক শর বাইরেই চলে গিয়েছিলেন। তার পরও শারাপোভা শারাপোভাই। র্যাকেট হাতে পারফরম্যান্স যাই হোক, গ্ল্যামারের দুনিয়ায় এই রুশকন্যা কখনো ফর্ম হারাননি। সেটাই আবার মনে করিয়ে দিল নাইকির সঙ্গে তাঁর ৭ কোটি ডলারের (৪৮৪ কোটি টাকা প্রায়) নতুন চুক্তি। চুক্তির মেয়াদটা আট বছরের! ২০১০-এর শুরুতেই ভালো একটা খবর শুনলেন। পরিসংখ্যান বলছে, এ বছরটায় কমপক্ষে একটা গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি। কীভাবে? ২০০৪, ২০০৬, ২০০৮—দুই বছর বিরতিতে একটি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেই হিসাবে এটা তো তাঁর জেতারই বছর! ওয়েবসাইট।আরেকজন!দক্ষিণ আফ্রিকা সফররত ইংল্যান্ড দলে ‘কোকিল ছানা’ আছে চারটি। বুঝতেই পারছেন অ্যান্ড্রু স্ট্রাউস, কেভিন পিটারসেন, ম্যাট প্রিয়র আর জোনাথন ট্রটের কথা হচ্ছে। সংখ্যাটা পাঁচে গিয়ে দাঁড়াতে পারে শিগগিরই। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন ক্রেইগ কিজওয়েটার। অথচ তিনি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন ২০০৬ যুব বিশ্বকাপেও। এ নিয়ে দক্ষিণ আফ্রিকানরা অবশ্যই চিন্তিত। ইংল্যান্ড কি কম দুশ্চিন্তায় ভুগছে? ইংল্যান্ড দলটাও যে ‘ইংলিশনেস’ থাকছে না, এ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন খোদ ইংল্যান্ডের প্রধান নির্বাচক জিওফ মিলার, ‘হ্যাঁ, আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। এমনটা বলছি না ক্রেইগই শেষজন (জাতীয় দলে খেলা বিদেশি খেলোয়াড়) হবে। তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করে দেখব।’ ওয়েবসাইট।