অঁরি-মার্কেজ জুটি রেড বুলসে
রাফায়েল মার্কেজ বার্সেলোনা ছাড়ছেন, আরেক বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরির পথ অনুসরণ করে মেজর লিগ সকারের দল নিউইয়র্ক রেড বুলসে নাম লেখাবেন—এসব জানাই ছিল। প্রায় দুই সপ্তাহ ধরে ফুটবল বিশ্বে গুঞ্জনটা চলার পর এবার কাগজ-কলমের চুক্তিটাও হয়ে গেল। ফ্রান্সের ক্লাব এএস মোনাকো থেকে ২০০৩ সালে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এরপর সাতটি মৌসুম কেটেছে তাঁর কাতালান ক্লাবটিতে। এই সাত বছরে মেক্সিকান ডিফেন্ডার জয় করে নিয়েছেন বার্সেলোনা সমর্থকদের মন। এতদিনের মায়ার বাঁধন কাটিয়ে রেড বুলসের সঙ্গে কয় বছরের জন্য গাঁটছড়া বেঁধেছেন, তা এখনো জানা যায়নি। তবে চুক্তিটা যে লম্বা সময়ের জন্য, ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে সেটাই।রেড বুলসে নাম লিখিয়ে রোমাঞ্চিত মার্কেজ। ‘নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। আমি রোমাঞ্চিত। সব মিলিয়ে আমি খুব খুশিও’—বলেছেন তিনি। মার্কেজকে পেয়ে খুশি রেড বুলস কর্তারাও। ক্লাবের প্রধান ডিয়েটমার বেইয়ার্সডরফার বলেছেন, ‘ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে রাফায়েল দেখিয়েছে, সে বিশ্বসেরাদের একজন। মাঠের মতো মাঠের বাইরেও নেতাসুলভ আচরণ তার। ও রেড বুলসে আসায় আমরা রোমাঞ্চিত।’ রেড বুলস তাঁর ওপর যেমন আস্থা রাখছে, মার্কেজও এর প্রতিদান দিতে চান, ‘আমি এখানে খেলতে আসতে পেরে খুব খুশি। রেড বুলসকে সাহায্য করতে আমি আমার সেরাটা দিতে চাই।’ এএফপি।